‘জাগবে যুবক, গড়বে দেশ এই চেতনার বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ স্লোগান নিয়ে গতকাল শনিবার কিশোরগঞ্জ স্টেডিয়ামে এক বিশাল তরুণ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী অংশ নেয়। আইনজীবী মায়া ভৌমিকের সভাপতিত্বে তরুণ সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফারুকী, অধ্যাপক আবদুল গণি ও নুরুল আলম। তরুণদের মধ্যে বক্তব্য দেন সাকিব আল হাসান, নাসরিন সুলতানা প্রমুখ। উদ্বোধক জেলা প্রশাসক বলেন, এ দেশের শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আজকে উপস্থিত তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, স্বচ্ছতা ও সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত। দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তাই তরুণ সমাজকেই দুর্নীতি রুখতে হবে। কারণ, দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা। মুক্তিযুদ্ধের স্বপ্ন সোনার বাংলা গড়তে হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এ সময় উপস্থিত তরুণ-তরুণীরা সম্মিলিত কণ্ঠে স্লোগান দেন। ‘জাগবে যুবক, গড়বে দেশ—এই চেতনার বাংলাদেশ’। পরে উপস্থিত সবাই দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করে স্বাক্ষর করে তা জমা দেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, দুর্নীতিবিরোধী গান, নাটক ও নাচের এক অনবদ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এ তরুণ সমাবেশের আয়োজন করে।