'জাগিয়ে তুলতে হবে মনুষ্যত্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষের ভেতর থেকে জেগে ওঠো মানুষ’ স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (চুয়েটডিএস) উদ্যোগে শুরু হয়েছে পঞ্চম চুয়েটডিএস-প্রথম আলো তারুণ্য উৎসব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। শোভাযাত্রাটি চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার পর শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সহ-উপাচার্য রফিকুল আলম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক আশুতোষ সাহা, চুয়েটডিএসের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম।
সভায় চুয়েটের উপাচার্য বলেন, ‘রক্তমাংসের মানুষ হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। এ জন্য প্রয়োজন মনুষ্যত্বকে জাগিয়ে তোলা।’
এ আয়োজনে সঙ্গে থাকার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান জি এম সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়েটডিএসের সহসভাপতি সাদিয়া আফরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের রেজিস্ট্রার ফারুক-উজ-জামান চৌধুরী।
আলোচনা সভার পর শুরু হয় শেক্সপিয়ারের নাটক মুখরা রমণী বশীকরণ-এর প্রদর্শনী ও আন্তবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। আজ শুক্রবার ও কাল শনিবারের আয়োজনের মধ্যে রয়েছে বাংলা বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী।
উৎসবের টাইটেল স্পনসর দৈনিক প্রথম আলো। সহযোগিতায় রয়েছে জামিল গ্রুপ ও এশিয়ান পেইন্টস। সম্প্রচার সহযোগিতায় আছে এশিয়ান টিভি, এবিসি রেডিও ও চুয়েটনিউজ২৪.কম।