‘জাতি যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের অপেক্ষায় আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে ১৪ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফজলে হোসেন বাদশা। যুদ্ধাপরাধীদের বিচার অবিলম্বে শেষ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সমাবেশে ফজলে হোসেন বাদশা বলেন, ‘জাতি অধীর আগ্রহে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে, যখন আদালত থেকে যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার করা জনগণের কাছে ১৪ দলের নির্বাচনী অঙ্গীকার। বিরোধী দল হরতাল, অবরোধ ও পুলিশের ওপর হামলা করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে এসব অপকর্ম করে মহাজোটকে লক্ষ্য থেকে সরানো যাবে না।’ বিএনপি নেতাদের উদ্দেশ্যে ফজলে হোসেন বলেন, ‘জামায়াতকে বাঁচানোর চেষ্টা করবেন না। জামায়াত-শিবিরের ক্যাডাররা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রকে অকার্যকর করতে চায়। পিঠ দেয়ালে ঠেকলে আমরাও রাস্তায় নামব। তখন জামায়াত-শিবির মাঠে নামতে পারবে না। জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করা হবে।’স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ফজলে হোসেন বলেন, ‘জামায়াত-শিবিরকে কঠোর হাতে দমন করুন। তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে এ দেশে জঙ্গিবাদের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে।’সমাবেশে মহিউদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, ‘অন্যায়ের কাছে আমরা মাথা নত করতে জানি না। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার হবে। এ বিচারের দাবিতে আমরা মিছিল করব, রাস্তায় আন্দোলন করব।’মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে শুধু বিএনপি-জামায়াত নয়, কিছু ধনী দেশও আমাদের হুমক দিচ্ছে। ধনী দেশগুলোর উদ্দেশে বলতে চাই, আমরা ছোট হতে পারি, কিন্তু আপনাদের চোখ রাঙানিকে ভয় করি না। আমাদের দমাতে পারবেন না।’সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ, সংরক্ষিত নারী আসনের সাংসদ হাসিনা মান্নান ও চেমন আরা তৈয়ব, ন্যাপের সহ-সম্পাদক ইসমাইল হোসেন, সাম্যবাদী দলের নেতা প্রদ্যোৎ কুমার, গণতন্ত্রী পার্টির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কমিউনিস্ট পার্টির কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত ও জসীম উদ্দিন, গণতন্ত্রী পার্টির নেতা স্বপন সেন, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন।