‘জাতিকে কর্মে ও চিন্তায় স্বাধীন হতে হবে’
বিশ্বজুড়ে সাংস্কৃতিক আদান-প্রদানের ইতিহাস পুরোনো। নতুন করে যে বিষয়টি যুক্ত হয়েছে তা হলো বিশ্বায়ন। সম্পর্কের ধরন পাল্টেছে, কোথাও কোথাও মূল্যবোধের পরিবর্তন হয়েছে। কিন্তু পরিবার ও সমাজকে সুসংহত করতে মৌলিক মূল্যবোধের জায়গাটিকে অটুট রাখতে হবে। কর্মে ও চিন্তায় স্বাধীন না হলে জাতি ধ্বংস হতে বাধ্য।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘কবীর চৌধুরী অ্যানুয়াল ইন্টারন্যাশনাল সেমিনার বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড কালচার’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন দেশের বরেণ্য শিক্ষাবিদেরা। ক্যালিফোর্নিয়ার ইন্টারকালচারাল ফোরাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল নজরুল ইসলাম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিজ্ঞান সৃষ্টি করছে, ধ্বংসও করছে। বিশ্বের বহু বিশিষ্টজন বলেছেন, মার্কিন ও ব্রিটিশদের যৌথ প্রয়াসে মানবজাতির ধ্বংস ঘটবে। নিজেদের অস্তিত্ব রক্ষায় কর্মে ও চিন্তায় স্বাধীন হতে হবে।অনুষ্ঠানের সঞ্চালক ও অ্যালিয়ান্ট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ভাষাতত্ত্ববিদ আনোয়ার দিল বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ইউনেসকো বিশ্বের শত শত বিলুপ্তপ্রায় ভাষাকে আবারও বাঁচিয়ে তোলার চেষ্টা করছে।সাংস্কৃতিক বহুত্ববাদের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নিয়াজ জামান বলেন, যে নকসিকাঁথা বাঙালি ঐতিহ্যের ধারক, সেখানেও ইউরোপীয় ও ইসলামিক রাষ্ট্রগুলোয় ব্যবহূত ফোঁড় ব্যবহার হয়েছে। সেলাইয়ের ফোঁড় বিশ্বভ্রমণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শাহীন কবীর বলেন, পরিবারের সদস্যদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা ও দৃঢ়সম্পর্ক না থাকলে পরিবার ও সমাজ ভেঙে পড়ে।সেমিনারে পল্লি উন্নয়ন ও নগরায়ণ নিয়ে আলোচনা হয়। সাবেক সচিব হাসনাত আবদুল হাই পল্লির উন্নয়নে কুমিল্লা মডেলকে (বার্ড) বিকেন্দ্রীকরণ ও অংশীদারির ভিত্তিতে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক ও নগরপরিকল্পনাবিদ নজরুল ইসলাম বিশ্বের বিভিন্ন দেশে নগরায়ণের ধারার সঙ্গে বাংলাদেশের তুলনা করেন। ইমেরিটাস অধ্যাপক আফিয়া দিল বলেন, বেগম রোকেয়া দেখিয়েছিলেন নারীর প্রতি অন্যায়-অবিচার হলেই ধর্মের দোহাই দিয়ে থামিয়ে দেওয়া হয়। ছোটবেলা থেকে মেয়েদের তাই আনুগত্যের শিক্ষা দেওয়া হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, কবীর চৌধুরীর সততা ও দেশপ্রেম সবার কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জিনাত ইমতিয়াজ আলী প্রমুখ।