‘জাতির অপূরণীয় ক্ষতি হলো’
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে চট্টগ্রামের রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এসব শোকবার্তায় ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ অন্যান্য আন্দোলনে প্রয়াত রাষ্ট্রপতির ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন জনদরদি ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তাঁর জীবদ্দশায় তিনি শুধু দেশ ও জাতির কল্যাণেই কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।শোক জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, জাতীয় শ্রমিক লীগের মহানগরের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি চন্দন ধর ও সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ এইচ এম জিয়াউদ্দিন। রাষ্ট্রপতির মৃত্যুতে পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন। রাষ্ট্রপতির মৃত্যুতে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন মহিলা আসনের (মহিলা আসন-৯) সাংসদ চেমন আরা তৈয়ব। রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ ছাত্রলীগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা, আমরা করব জয়, আমরা রাসেল পরিষদ, চট্টেশ্বরী কালীমন্দির, মতি ভান্ডার দরবার শরিফ, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশ, আনজুমানে কাদেরীয়া চিশতীয়া বাংলাদেশ, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসা।