‘জাতির ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদের প্রতিরোধ করুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, ‘জাতির ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তাদের প্রতিরোধ করুন। এখনই তাদের প্রতিরোধের উত্তম সময়। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একাত্তরের বধ্যভূমিগুলো সরকারের পাশাপাশি সাধারণ জনগণ চিহ্নিত করছেন। জনগণ শুধু এগুলো চিহ্নিতই করছেন না, সামর্থ্য অনুযায়ী সম্মিলিত প্রচেষ্টায় সংরক্ষণও করছেন।’গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘বধ্যভূমি ৭১’ পরিদর্শন এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে উপস্থিত সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।শ্রীমঙ্গলে বিজিবি ১৪ ব্যাটালিয়নের সদর দপ্তরসংলগ্ন মুক্তিযুদ্ধের বধ্যভূমি ‘বধ্যভূমি ৭১’ সংরক্ষণ এবং সেখানে সাধারণ মানুষের অর্থ ও শ্রম সহায়তায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করায় শ্রীমঙ্গলবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, একাত্তরে সাধারণ মানুষ যেভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তেমনি ৪০ বছর আজ সাধারণ মানুষের মধ্যে একাত্তরের চেতনা প্রজ্বলিত হচ্ছে।এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজিবি ১৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মির্জা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল মন্নান, মুক্তিযোদ্ধা বিরাজ সেন, মন্ত্রীর পত্নী বিটা তালুকদার, উপসচিব সুকল্প চাকমা, জনসংযোগ কর্মকর্তা মো. জুলফিকার প্রমুখ।