'জাতির উচিত তারেক রহমানকে ত্যাজ্য করা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুল হক
মুজিবুল হক

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘জাতির জনকের বিরুদ্ধে কথা বলা মানে জাতির বিরুদ্ধে কথা বলা। জাতির উচিত তারেক রহমানকে ত্যাজ্য করা।’

আজ শনিবার বেলা দেড়টার দিকে পূর্বাঞ্চল রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলস্টেশনের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘অশিক্ষিত খালেদা জিয়া আর তার ছেলে টাকা লুট করে দেশের সর্বনাশ করেছে। খালেদা জিয়া কালোটাকা সাদা করেছে। তার ছেলে তারেক জিয়া একটা বেয়াদব। খালেদা জিয়া ও জামায়াত মিলে রেলের ৭০ কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে।’

গত বছরের ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তিন উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামে টর্নেডো আঘাত হানে। টর্নেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ভাতশালা রেলস্টেশনটি বিধ্বস্ত হয়।

আখাউড়া রেলওয়ের প্রকৌশল বিভাগ জানায়, এই রেলস্টেশনটি মেরামত করার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আর্থিকভাবে সহযোগিতা করে। ২০১৩ সালের ৫ ডিসেম্বর থেকে এর মেরামতকাজ শুরু হয়। মেরামত করতে প্রায় ৬৩ লাখ টাকা ব্যয় হয়।


অনুষ্ঠানে রেলমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে রেলকে ঢেলে সাজাতে ৪৭টি প্রকল্পের কাজ চলছে। ঢাকা-চট্টগ্রাম পথের ডবল লাইন এর মধ্যে অন্যতম। এ ছাড়া রেলে অনেক নতুন ইঞ্জিন ও বগি সংযুক্ত করা হয়েছে।