‘জাতীয় ইজিবাইক ড্রাইভার্স লীগ’-এর নামে চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সংগঠনের নামে খুলনা শহরে প্রায় ছয় হাজার ইজিবাইকের চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। সংগঠনটির নাম ‘জাতীয় ইজিবাইক ড্রাইভার্স লীগ’। ওই সংগঠনের রসিদ দিয়ে এ টাকা আদায় করা হচ্ছে। ইজিবাইক চালকদের অভিযোগ, নগরের নতুন রাস্তা, গল্লামারী, সোনাডাঙ্গা ও রূপসা স্ট্যান্ড থেকে চাঁদা আদায় করা হচ্ছে। সংগঠনটি আওয়ামী লীগের স্থানীয় নেতারা চালাচ্ছেন। ওই নেতাদের নির্দেশে কয়েকজন নগরের ওই চারটি স্থান থেকে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার টাকা আদায় করছেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘জাতীয় ইজিবাইক ড্রাইভার্স লীগ একটি ভুয়া সংগঠন। আমি এদের অনেক আগে ব্যান্ড (নিষিদ্ধ) করে দিয়েছি। আমার কাছে এদের ব্যাপারে আর কেউ কোনো অভিযোগ করেনি।’ আওয়ামী লীগের নেতাদের নির্দেশে এ সংগঠনের নামে টাকা আদায় করা হচ্ছে কি না জানতে চাইলে তালুকদার আবদুল খালেক জানান, বিষয়টি তিনি জানেন না।ইজিবাইক চালকেরা জানান, তাঁদের সহায়তা করার জন্য ওই ধরনের সংগঠন করা হয়েছে বলে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। কিন্তু সংগঠনটির নেতা-কর্মীরা বিপদ-আপদে তাঁদের খোঁজ নেয় না। টাকা নেওয়ার সময় শুধু সংগঠনের পক্ষ থেকে কিছু লোক আসে। আর টাকা না দিলে স্ট্যান্ডে দাঁড়াতে বা সেখান থেকে যাত্রী নিতে দেন না। এমনকি গাড়ির চাবি জোর করে নিয়ে নেয়। পরে টাকা দিয়ে চাবি নিতে হয়। সরেজমিনে নতুন রাস্তা, গল্লামারী, সোনাডাঙ্গা ও রূপসা স্ট্যান্ডে দেখা গেছে, ১০ টাকার একটি রসিদ দেওয়া হচ্ছে। যাঁরা এ রসিদ নিতে অনিহা প্রকাশ করছেন, তাঁদের স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ইজিবাইক চালক ফারুক হোসেন বলেন, খুলনা শহরে প্রায় ছয় হাজারের মতো ইজিবাইক আছে। এসব গাড়ি থেকে প্রতিদিন ওই সংগঠনের নামে রসিদ দিয়ে চাঁদা নেওয়া হচ্ছে। কেন এ টাকা নেওয়া হচ্ছে তা জানি না। তাহলে কেন দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, না দিলে তাঁরা গাড়ি চালাতে দেবে না। রূপসা স্ট্যান্ডে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের দায়িত্বে নিয়োজিত রিপন মাহমুদ বলেন, ‘আমাদের একটি সংগঠন আছে। আমরা বৈধভাবে টাকা নিচ্ছি।’ সংগঠনের কার্যালয় কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘রূপসা মোড়ে। কিন্তু সেখানে গিয়ে জাতীয় ইজিবাইক ড্রাইভার্স লীগের কোনো কার্যালয় খুঁজে পাওয়া যায়নি।’ সোনাডাঙ্গা স্ট্যান্ডে চাঁদা আদায়ের দায়িত্বে থাকা ব্যক্তি নিজের নাম প্রকাশ না করে বলেন, আওয়ামী লীগের নেতাদের নিদের্শে ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছি। সংগঠনের নেতা কে জানতে চাইলে তিনি বলেন, ‘সার্কিট হাউসের ওখানে আমাদের অফিস আছে, সেখান থেকে জেনে নেন। কিন্তু সার্কিট হাউসের কাছে গিয়ে সংগঠনটির কোনো কার্যালয় খুঁজে পাওয়া যায়নি।’খুলনা জেলার শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আবদুল হালিম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি একজন সার্জেন্ট পাঠিয়ে এ ব্যাপারে খোঁজখবর নেব।’