'জাতীয় বিশ্ববিদ্যালয়কে বাঁচাতেই বিকেন্দ্রীকরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় বাঁচাতেই বিকেন্দ্রীকরণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শুক্রবার সকালে সিলেটে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) জেলা ও মহানগর শাখার সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘ফেইলর তো আগেই হয়ে আছে। আমরা এখন বাঁচানোর চেষ্টা করতেছি।’
কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কলেজের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিয়েছে। এ কারণে করা হচ্ছে।’ ব্যর্থতার জন্য এমনটি করা হচ্ছে কি না—এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। ‘যা বলেছি, এখানেই শেষ’ বলে এড়িয়ে যান। একপর্যায়ে তিনি বলেন, ‘কলেজের সংখ্যা বিশাল হওয়ায় এটা করা হচ্ছে।’
বাকবিশিস সিলেট জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. শামছুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভুইয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহী আলম বক্তব্য দেন।
বিকেলে কমিটি গঠনের মাধ্যমে সম্মেলন শেষ হয়।