জাতীয় মুক্তির সব আন্দোলন ও সংগ্রামে কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীর রক্ত ও ঘাম ঝরেছে। ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ সব ধরনের আন্দোলনের অগ্রপথিক ছিলেন কমিউনিস্টরা। ভবিষ্যতেও দেশের গণমানুষের মুক্তির সংগ্রামে কমিউনিস্ট পার্টি লড়াই করে যাবে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ অভিমত দেন বক্তারা। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘দেশের গণমানুষের মুক্তির সংগ্রামের ইতিহাসে এমন কোনো সংগ্রাম নেই, যেখানে কমিউনিস্টদের রক্ত ও ঘাম ঝরেনি। মুক্তিযুদ্ধের চেতনা বলতে যা বোঝায় তা গড়ে তোলার পেছনে কমিউনিস্টদের অবদান অনন্য। ভবিষ্যতেও গণমানুষের মুক্তির সংগ্রামে মানুষ আমাদের সঙ্গে পাবে।’ দলের প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, পাকিস্তানি শাসকদের চরম নিপীড়নের মুখেও পার্টি আত্মগোপনে থেকে গণতান্ত্রিক আন্দোলন, পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলন ও কৃষক-শ্রমিকের শ্রেণীসংগ্রাম এগিয়ে নিয়ে গিয়েছিল।’ কমিউনিস্টদের ঐক্য দেশের মানুষের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘কেননা যে সরকারই আসুক না কেন, সাধারণ মানুুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে না। সাম্রাজ্যবাদ ও ব্যবস্থার মধ্যে থাকা লুটপাট সমাজের অধঃপতন ঘটাচ্ছে। শ্রমজীবী মানুষকে সংগঠিত করে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াও এ ভূখণ্ডের আন্দোলন-সংগ্রামের ইতিহাসে কমিউনিস্টদের ‘অনন্য ভূমিকার’ প্রশংসা করে বলেন, ‘আশা করি, ভবিষ্যতেও এ চলার পথ আরও গৌরবোজ্জ্বল হবে।’গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, এ ৬২ বছরে সাধারণ মানুষের কল্যাণে যত সংগ্রাম হয়েছে তাতে সিপিবির ভূমিকা সবচেয়ে বেশি। নেতৃত্ব দেওয়ার চেয়ে আন্দোলন গড়ে তোলাটাই কঠিন কাজ। বিচারপতি গোলাম রব্বানী বলেন, দেশের বর্তমান সংসদীয় গণতন্ত্র যেন ফ্যাসিবাদের দিকে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রেসিডিয়াম সদস্য আমেনা আহমেদ, প্রবীণ কমিউনিস্ট নেতা মির্জা আবদুস সামাদ, মসিহউদ্দিন শাকের, নূরজাহান বোস প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী ও ফকির আলমগীর।