‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. জোহা দিবস পালিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর দিনটিকে ‘মহান শিক্ষক দিবস’ হিসেবে পালন করা হয়।১৯৬৯ সালের এই দিনে প্রক্টরের দায়িত্ব পালনকালে ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহা পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন।দিবসটি পালন উপলক্ষে গতকাল ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল পৌনে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য এম নূরুল্লাহ, কোষাধ্যক্ষ এম আবদুর রহমান, রেজিস্ট্রার এম এ বারী, ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ জোহার মাজার ও স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন।দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত, বিকেলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘শহীদ ড. জোহা স্মারকপত্র’-এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন। চলচ্চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আবদুল খালেক, বর্তমান উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসব অনুষ্ঠান থেকে ১৮ ফেব্রুয়ারিকে সরকারিভাবে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।