'জাতীয় সুশাসন মূল্যায়ন কাঠামো' কর্মশালা চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় সুশাসন মূল্যায়ন কাঠামো’বিষয়ক খসড়ার ওপর বিভিন্ন পেশার প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ-সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় চট্টগ্রামের সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, নারী প্রতিনিধি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধি, গণমাধ্যমের কর্মীসহ ৩০ জন অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউএনডিপির পরামর্শক রেদওয়ান মুজিব সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

পাঁচটি বিভাগে বিভক্ত কর্মশালার বিষয়বস্তু ছিল অংশগ্রহণ ও সাড়া প্রদানের মাত্রা, কার্যকারিতা ও সক্ষমতা, সমতা ও অন্তর্ভুক্তি, আইনের শাসন এবং স্বচ্ছতা ও দায়বদ্ধতা। প্রতিটি বিভাগে ছয়জন করে নাগরিক এসব খসড়ার ওপর তাঁদের মতামত দেন।

রেদওয়ান মুজিব সিদ্দিকী বলেন, সুশাসন মূল্যায়ন কাঠামো খসড়ার ওপর যেসব মতামত ও প্রস্তাব উঠে এসেছে তা অন্তর্ভুক্ত করা হবে। ইউএনডিপি সারা বিশ্বে এ ধরনের কাজ করে আসছে। ২০১৫ সালে বাংলাদেশে এ কর্মসূচি নিয়েছে ইউএনডিপি। সুশাসন মূল্যায়ন কাঠামো নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা একটি খসড়া তৈরি করেন। এর ওপর দেশের বিভাগীয় পর্যায়ে মতামত নেওয়া হচ্ছে। তৃণমূল থেকেও মতামত নিয়ে সূচকগুলো নির্ধারণ করা হবে।

ইউএনডিপির উপদেষ্টা শীলা তাসনিম হক বলেন, কর্মশালায় যেসব প্রস্তাব পাওয়া গেছে, তা কাজে লাগানোর চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ইসমত মাহমুদা বলেন, কর্মশালায় সুচিন্তিত মতামত উঠে এসেছে। জাতীয় সুশাসন মূল্যায়ন কাঠামোয় তা সংযোজন করা হবে।

কর্মশালায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারওয়ার জাহান বলেন, রূপকল্প ২০২১ সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার সুশাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। ইউএনডিপির সহায়তায় এখন মূল্যায়ন কাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সততা, নিষ্ঠা ও উদ্যম থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে।