সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে ‘জাতীয়তাবাদী’ হিসেবে পরিচিত নাসরীন-সোহেল প্যানেল সভাপতিসহ বেশির ভাগ পদে জয়ী হতে যাচ্ছে।‘বর্তমান সরকারপন্থী’ হিসেবে পরিচিত দুটি প্যানেলের মধ্যে মাসুমে রব্বানী-সেলিম উল্লাহ খোন্দকার প্যানেল মহাসচিব পদ পেতে যাচ্ছে। এই প্যানেলের প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের আশীর্বাদ ছিল বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলে প্রতিপক্ষ গ্রুপ। যদিও মহাপরিচালক বলেন, তিনি কোনো পক্ষের হয়ে কাজ করেননি। ‘বর্তমান সরকারপন্থী’ হিসেবে পরিচিত শফিক-শাহেদ নামে আরেকটি প্যানেল উল্লেখযোগ্য কোনো পদেই জিততে পারছে না। এই প্যানেলের সমর্থনে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সহকারী অধ্যাপক মন্মথ রঞ্জন বাড়ৈসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দুজন পরিচালকও এই প্যানেলের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।গতকাল মঙ্গলবার সারা দেশে ১৮৮টি কেন্দ্রে এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। তবে গতকাল বুধবারও ফল ঘোষণা হয়নি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশনের সদস্য নাসিরউদ্দিন গতকাল সন্ধ্যা সাতটায় প্রথম আলোকে বলেন, ১৮৮টির মধ্যে ৬০টি কেন্দ্রের ফল তাঁদের হাতে এসেছে।