‘জান দিমু, জমি দিমু না’
‘মোর পূর্বপুরুষের থাইক্যা পাওয়া আয়-রোজগারের একমাত্র জায়গা আশোকাঠী কোলার জমি। ওই জমিটা মোর লক্ষ্মী। বছরে দুইবার যে ধান দেয়, হেইয়া দিয়াই খাইয়াদাইয়া পোলাপানরে লেহাপড়া করাইবার পারতাছি। জান দিমু, তয় জমি দিমু না।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন সত্তর বছরের বৃদ্ধ মোসলেম উদ্দিন।একই সুরে কথা বললেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন (৬০), মিলন কাজী (৫৫), আ. হাসেম তালুকদার (৬২) ও গেরাকুল গ্রামের মো. জামাল উদ্দিন (৪৮) মো. শামসুল হকসহ অনেকেই।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন প্রকল্প তৈরির লক্ষ্যে উপজেলার আশোকাঠী মৌজার প্রায় ৫০ একর ধানি জমি হুকুম দখলের প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করা হলে চারটি গ্রামের এক হাজার পরিবার বেঁচে থাকার অবলম্বন হারাবে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।জানা গেছে, উপজেলা আবাসন কমিটির এক সভায় উপজেলার ১৩৮ নম্বর আশোকাঠী মৌজাকে এ প্রকল্পের জন্য নির্বাচন করা হয়। সে অনুুযায়ী উপজেলা ভূমি কার্যালয়ের একটি প্রতিনিধিদল জরিপ ও পরিমাপ করে ওই মৌজার ৪৪ একর ৫০ শতাংশ ভূমি অধিগ্রহণের সুপারিশ করে। ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন ওই জমি অধিগ্রহণের জন্য নির্বাচন করে প্রস্তাবনাসংবলিত একটি পত্র গত ১৪ নভেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ খবর কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।আশোকাঠী গ্রামের মো. লিটন বেপারি (৪০) বলেন, ‘ওই ধানি জমি সরকার লইয়া গেলে মোর আত্মহত্যা ছাড়া গতি থাকবে না। মোর চাইড্ডা পোলাপান লইয়া পথে নামতে অইবে। ভিক্ষার ঝুলি লইতে অইবে।’ জমি হুকুম দখল চেষ্টার প্রতিবাদে ৩ ডিসেম্বর বিকেলে আশোকাঠী, গেরাকুলসহ চার গ্রামের পাঁচ শতাধিক কৃষক মিছিল করে গৌরনদী হ্যালিপ্যাড মাঠে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এ প্রসঙ্গে গৌরনদীর ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, কৃষকদের দাবিদাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।