‘জান দিমু, জাগা ছাড়মু না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আভাসে গ্রামগঞ্জের মানুষের মধ্যে যখন উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, তখন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনসংলগ্ন এলাকায় বসবাসকারী ১৫টি পরিবারে দেখা গেছে উল্টো চিত্র। উৎসাহ-উদ্দীপনার পরিবর্তে ওই পরিবারগুলোতে দেখা দিয়েছে উচ্ছেদ আতঙ্ক। কারণ ইউপি নির্বাচনের পরই তাঁদের বসতবাড়ির জায়গা খালি করে দিতে হবে। স্থানীয় আওয়ামী লীগের নেতা অ্যাপলব হোসেন রেলওয়ের কাছ থেকে ওই জমি ইজারা নিয়েছেন। ইজারা নেওয়া জায়গায় অনেক আগে থেকেই বসতবাড়ি করে থাকা পরিবারগুলোকে তিনি রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত থাকার সময়সীমা বেঁধে দিয়েছেন। ইউপি নির্বাচনের পর ১৫টি পরিবার জায়গা না ছাড়লে তাদের উচ্ছেদ করা হবে—এই বলে আওয়ামী লীগের নেতা হুমকি দিয়েছেন। তবে অ্যাপলব হোসেন এমন অভিযোগ অস্বীকার করেছেন।জামালগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের উত্তর দিকে ৬৫ শতাংশ ও রেললাইনের পূর্ব পাশে ৪০ শতাংশ জায়গা রেলওয়ের ভূসম্পদ বিভাগ থেকে ইজারা দেওয়া হয়েছে। জামালগঞ্জ এলাকার বাসিন্দা অ্যাপলব হোসেন জায়গাটি ইজারা নিয়েছেন। জানা গেছে, জামালগঞ্জ রেলস্টেশনের পূর্ব দিকের ফাঁকা জায়গায় ভূমিহীন পরিবারগুলো ৩০-৪০ বছর ধরে বাস করে আসছে। ওই জায়গার পাশেই রেলের দুটি জরাজীর্ণ স্টাফ কোয়ার্টার ছিল। সম্প্রতি দুটি কোয়ার্টারই ভেঙে ফেলে রেলওয়ে কর্তৃপক্ষ। সম্প্রতি অ্যাপলব হোসেন রেলের ১০৫ শতক জায়গা ইজারা নেন। এই ১০৫ শতকের মধ্যে ১৫ শতাংশ জায়গায় ভূমিহীন ও ছিন্নমূল পরিবার কটি বাস করে। পরিবারগুলোর এক বাসিন্দা মিয়াজান (৬৫)। তিনি বলেন, ‘এলের (রেল) গ্যাং খালাসি আছিলাম। হামার কোনো জমি-জিরাত নাই। এলের জাগাত ৪০ বছর ধরে আছি। একন হামাকক চলে যাবার কওচে। হামরা জান দিমু, তবু জাগা ছাড়মু না।’ এ প্রসঙ্গে অ্যাপলব হোসেন প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি ইজারা নিয়েছি সত্য। তবে কাউকে হুমকি দিইনি। বস্তি থেকে কাউকে সরাতে চাইনি। রেলের জায়গা ইজারা নেওয়া তো দোষের কিছু না।’