‘জান দেইম, ভাটা করির দেইম না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে বিস্তীর্ণ ফসলি জমির মাঝে চলছে ইটভাটা নির্মাণের কাজ। ফসলি জমিতে ইটভাটা নির্মাণে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা ও এলাকাবাসীর প্রতিবাদেও কাজ বন্ধ করছেন না প্রভাবশালী ভাটামালিক।গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, কামারপুকুর ইউনিয়নের অসুরখাই, আইসঢাল ও ব্রহ্মোত্তর গ্রামের মাঝখানে চলছে ইটভাটা নির্মাণের কাজ। এলাকার বৃদ্ধ কৃষক মনসুর আলী (৬৫) বলেন, ‘এইঠে কোনা ভাটা হইলে হামার জমির আবাদ-সুবাদ বরবাদ হয়া যাইবে ব্যাহে। হামরা গ্রামের মানুষ একঠে কোনা (একত্র) হছি। জান দেইম, কিন্তু ভাটা করির দেইম না ব্যাহে।’এলাকা ঘুরে দেখা গেছে, চারদিকে সবুজের মধ্যে অভিশাপের মতো গড়ে উঠছে একটি ইটভাটা। প্রায় পাঁচ একর জায়গাজুড়ে ওই ভাটায় ইট পোড়ানো কিলন ও অফিসঘরসহ অন্যান্য অবকাঠামো গড়ে উঠছে। এলাকার কৃষক খবির উদ্দিন (৩৫), খলিলুর রহমান (৪০) ও মান্নান (৪২) জানান, ইটভাটা হলে জমিগুলো ক্ষতিগ্রস্ত হবে। ইটভাটার কালো ধোঁয়া গোটা এলাকার পরিবেশ বিপর্যস্ত করে তুলবে। এ আশঙ্কায় গত অক্টোবরে পরিবেশ অধিদপ্তরে একটি গণদরখাস্ত দেওয়া হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়ায় অবস্থিত রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নাজমুল হক ভাটামালিককে তাঁর দপ্তরে ডেকে পাঠান। পরে সংশ্লিষ্ট এলাকায় কোনো ভাটা নির্মাণ করা যাবে না, এ-সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে ভাটামালিককে ১০ অক্টোবর একটি চিঠি দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ওই পরিচালক এর সত্যতাও নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, ফসলি জমিতে ভাটা স্থাপন নিয়ে এলাকায় বিরোধ সৃষ্টি হয়েছে। তাই ওই ভাটা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এলাকার সচেতন ব্যক্তি বাদল চৌধুরী অভিযোগ করেন, ভাটার অনুমোদন পেতে প্রভাবশালী ওই ভাটামালিক কামারপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাসের স্বাক্ষরও জাল করেছেন। বাসুদেব দাস জানান, ওই ভাটামালিক তাঁর কাছে কোনো সুপারিশ নেননি। কাজেই স্বাক্ষর দেওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর আবেদনে সুপারিশের স্বাক্ষরটি ভুয়া বলে পাল্টা অভিযোগ করেন তিনি।সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধু ভূষণ রায় জানান, কামারপুকুর এলাকার মাটি খুবই উর্বর ও তিনফসলি। কাজেই ওই এলাকায় নতুন একটি ভাটা হলে তাতে জমির ওপরের অংশ ব্যবহূত হবে। ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পাবে। কামারপুকুর ইউপির চেয়ারম্যান জিকো আহমেদ জানান, ভাটাটি স্থাপনে মালিক কৌশল করে তাঁর স্বাক্ষর নিয়েছেন।‘আমি বৈধভাবেই ভাটা তৈরির কাজ করছি।’ দাবি করে ভাটার মালিক মো. নাজমুল হক আর কোনো প্রশ্নের জবাব দেননি।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. সাইফুল্লাহ তালুকদার প্রথম আলোকে জানান, ইটভাটাটি সম্পূর্ণ অবৈধ। এটির নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তা অমান্য করা হলে অবশ্যই ভাটামালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।