'জানডা লিয়া কোনো রকম পালায়ে আসছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানের যৌনপল্লি থেকে পালিয়ে দেশে এসেছেন নাটোরের এক নারী। ওমানে গৃহপরিচারিকার চাকরি দিয়ে পাঠানোর নামে স্থানীয় দুই দালাল তাঁকে ওই যৌনপল্লিতে পাচার করে দিয়েছিলেন।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত সূত্রে জানা যায়, বুধবার নাটোরের গুরুদাসপুরের এক নারী ওই আদালতে মানব পাচার মামলা করেন। তিনি মামলায় তাঁর দূর সম্পর্কের আত্মীয় উপজেলার মশিন্দা দক্ষিণ মাজপাড়া গ্রামের শফি প্রামাণিকের দুই ছেলে হালিম প্রামাণিক ও জয়নাল প্রামাণিককে আসামি করেন।
মামলার আরজিতে বলা হয়, ১০ বছর বয়সের এক ছেলেকে রেখে ওই নারীর স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এ অবস্থায় গত মার্চে আসামিরা তাঁকে তিন লাখ টাকার বিনিময়ে ওমানের মাসকাট শহরের ফয়সাল মোহাম্মদ সালেহ আল শাহি নামে এক ব্যক্তির বাড়িতে গৃহপরিচারিকার কাজে পাঠান। মাসে ৩০ হাজার টাকা বেতনের আশ্বাস দেওয়া হয়। ১৭ মার্চ রাতে জয়নাল প্রামাণিক তাঁকে সঙ্গে নিয়ে ওমানের মাসকাটে ফয়সালের বাড়িতে পৌঁছান। ওই রাতেই ফয়সাল নিজ বাড়িতে আটকে রেখে তাঁকে ধর্ষণ করেন। এরপর পাঁচ দিন ওই বাড়িতে আটক রেখে পালাক্রমে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। পরে মাসকাটের এক যৌনপল্লিতে তাঁকে বিক্রি করে দেন ফয়সাল। সেখানে তাঁকে যৌন ব্যবসা করতে বাধ্য করা হয়। গত ৯ এপ্রিল ওই যৌনপল্লি থেকে পালিয়ে তিনি সেখানকার এক বাঙালির কাছে আশ্রয় নেন। তাঁর সহযোগিতায় তিনি সম্প্রতি দেশে ফিরে আসেন।
আদালতের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দীন ওই নারীর মুখে এই বর্ণনা শুনে গুরুদাসপুর থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। ওসি ইব্রাহিম হোসেন জানান, এজাহারটি পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই নারী মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, ‘ছেলেকে মানুষ করার জন্য বিদেশে গেছিলাম। কিন্তু সেটা তো নরক। আমাকে যারা ওই নরকে পাঠায়ছে তাদের কঠিন বিচার হওয়া দরকার। আমি জানডা লিয়া কোনো রকম পালায়ে আসছি।’