‘জানমালের নিরাপত্তা রক্ষায় জনগণের সঙ্গে মাঠে থাকব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আজ মঙ্গলবার চট্টগ্রামে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এ ঘোষণা দেন।এ লক্ষ্যে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে আওয়ামী লীগ।চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেন, ‘যুদ্ধারপাধীদের মামলার রায় ঘোষণার পূর্বমুহূর্তে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে। হরতালে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা মাঠে থাকব।’হরতালে রাজপথে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে কাজী ইনামুল হক বলেন, ‘আমরা সব সময় মাঠে থাকি। এখন একটু বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ জনগণের আকাঙ্ক্ষিত যুদ্ধাপরাধের বিচারের রায় পেতে যাচ্ছি। যেহেতু জনগণের ভোটে আমরা নির্বাচিত, তাই জনগণের সঙ্গে থাকতে চাই।’সংবাদ সম্মেলনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার শেষ পর্যায়ে এবং স্বীকৃত যুদ্ধাপরাধীদের রায় প্রায় চূড়ান্ত পর্যায়ে। যখন দেখা যাচ্ছে যে জামায়াতের নেতারা দোষী এবং বুঝতে পারছে তাদের ফাঁসি হবে, তখনই তারা (জামায়াত) পুলিশের ওপর হামলা করছে। পেছনে বিএনপির সমর্থন রয়েছে। বিএনপি জামায়াতের হরতালে নৈতিক সমর্থন দিয়েছে। কিন্তু বিএনপি কখনো প্রকাশ্যে বলে না যে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না।’দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ বলেন, হরতাল রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। আইনশৃঙ্খলা সমুন্নত রাখার দায়িত্ব সরকারের। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সরকার তা প্রতিহত করবে।লিখিত বক্তব্যে কাজী ইনামুল হক বলেন, বিজয়ের মাসে জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়ে বিএনপি-জামায়াত দেশদ্রোহমূলক কর্মকাণ্ড করছে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর আওয়ামী লীগের নেতা কে এম বেলায়েত হোসেন ও শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ (মঙ্গলবার) হরতাল চলাকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা আড়াইটায় সমাবেশ করবে আওয়ামী লীগ।