‘জানুয়ারিতেই বিচার শুরু হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতেই মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হবে। আদালতের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সহায়তা দরকার মন্তব্য করে তিনি আরও বলেছেন, ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে।গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বিচারের আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণবিষয়ক এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচার কৌশলসংক্রান্ত ‘লিগ্যাল টুলস প্রজেক্ট’ এবং নরওয়ের আইনবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান কেস ম্যাট্রিক্স নেটওয়ার্কের (সিএমএন) পরিচিতি তুলে ধরা হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ইতিমধ্যে আন্তর্জাতিক মানে বিচার সম্পন্ন করার জন্য নরওয়ের ‘অসলো সেন্টার ফর হিউম্যান রাইটস’ এগিয়ে এসেছে। আন্তর্জাতিকভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে। আরও সহযোগিতা পাওয়া যাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি নরওয়ের রাষ্ট্রদূত রাঙ্গলে বিরেত লুন্ড বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ, যারা এ ধরনের অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। নরওয়ে বিভিন্ন দেশে সংঘটিত এমন অপরাধের বিচারে সহযোগিতা করেছে। বাংলাদেশেও যাতে এই বিচার আন্তর্জাতিক মানে হয়, সে জন্য সহযোগিতা করবে।আইনমন্ত্রী যেসব দেশে এ ধরনের আদালত গঠিত হয়েছে তাদের সহায়তা কামনা করেন। নিরপেক্ষ বিচারের প্রশ্নে তিনি বলেন, ‘আমরা চাই এই বিচারটি আন্তর্জাতিক মানের হবে। এটি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে না।’অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা আইনমন্ত্রীকে ট্রাইব্যুনাল ও বিচার নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার চায় না—এ মর্মে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। কেননা, সরকারের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় ছিল। জাতীয় সংসদে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যুগোপযোগী আইন করা হয়েছে।’শফিক আহমেদ জানান, অসলো সেন্টার ফর হিউম্যান রাইটস প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ বিজ্ঞানসম্মত এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতিতে উপস্থাপনে সহযোগিতা করবে। বিভিন্ন দেশে এই পদ্ধতিতে বিচার হচ্ছে। সেই অভিজ্ঞতা নিয়ে সিএমএন এখানে এসেছে।মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের সভাপতিত্বে সিএমএনের উপদেষ্টা ইলিয়া উটমেলিজ এবং রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমানের সময় যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে গেছে। বিচার বন্ধ করে স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসিত করা হয়েছে।’