'জামাইবরণ মেলা' ৪০ গ্রামে উৎসব আমেজ
শাহেদ আলী। বয়স ৮৫ পেরিয়েছে। শৈশব থেকেই বাঁশের বাঁশি বাজানোর নেশা তাঁর। ১২ বছর বয়সে বাবার হাত ধরে বাড়ির পাশে চৈত্রসংক্রান্তির মেলায় বাঁশি কিনতে এসেছিলেন। সেই থেকে প্রতিবছর মেলায় আসেন। আগে নিজে বাঁশি কিনতেন। এখন নাতিদের কিনে দেন। গতকাল বুধবার শৈশবের সেই চৈত্রসংক্রান্তির মেলাতেই ১০ বছরের নাতি সানিকে সঙ্গে নিয়ে আসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পাঠান গ্রামের শাহেদ আলী। পাশের নিমাইদীঘি হাইস্কুল মাঠে বসেছে তিন দিনের এই চৈত্রসংক্রান্তির মেলা।
নিমাইদীঘির এই চৈত্রসংক্রান্তির মেলাকে ঘিরে জনপদজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ৪০ গ্রামজুড়ে নাইওর এসেছেন নববধূ ও বাড়ির মেয়েরা। নিমন্ত্রণে এসেছেন জামাইয়েরা। চারদিকে সাজসাজ রব। মেলা উপলক্ষে জামাইদের নিমন্ত্রণ জানানোর রেওয়াজ আছে বলে এলাকাবাসীর কাছে এটি ‘জামাইবরণ’ মেলা নামে পরিচিত। চৈত্রসংক্রান্তির দিন থেকে মেলা চলবে বৈশাখ মাসের দুদিন পর্যন্ত।
এলাকাবাসী জানান, পাঠান গ্রামে চৈত্রসংক্রান্তির মেলায় লোকসমাগম বেড়ে যাওয়ায় একসময় ‘নিমাইদীঘির জামাই মেলা’ শুরু হয়েছিল। তবে এখন নিমাইদীঘি জামাই মেলার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে।
আবদুর রশীদ নামের একজন বাঁশিবিক্রেতা বলেন, ‘প্রতিবছর কুমিল্লা থেকে এই মেলায় বাঁশের বাঁশি বিক্রি করতে আসি। কেনাবেচা খুব ভালো হয়।’