'জামায়াতকে নিষিদ্ধ করার যথেষ্ট উপাদান রয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে দলটিকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট উপাদান খুঁজে পাওয়া গেছে।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত ‘বিবিসি সংলাপ’-এর ৩৬তম পর্বে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন।
‘জামায়াতকে একটি অপরাধী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে চিহ্নিত করার পর এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে?’—এমন প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে সাম্প্রতিক দুটি মামলার রায়ে এ-সংক্রান্ত কিছু তথ্য রয়েছে। তবে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ বা দলটিকে নিষিদ্ধ করা হবে কি না, এ বিষয়ে পর্যালোচনা শেষে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
একই প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, ‘জামায়াত ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আর আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করছে জামায়াতকে।’
সাবেক সচিব ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ আবদুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামী বড় একটি সংগঠন। আর গণতান্ত্রিক দেশে ইচ্ছা করলেই কোনো দলকে নিষিদ্ধ করা যায় না। একাত্তর সালে জামায়াত পাকিস্তানকে সমর্থন দিয়েছে, এটা সর্বজনবিদিত। এর পরও দেশের মানুষের ১০ ভাগ ভোট পায় দলটি।’ তিনি আরও বলেন, জামায়াত যদি সন্ত্রাসী দল হয়, তবে ছাত্রলীগ সবচেয়ে বড় সন্ত্রাসী দল।’
বিরোধী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, আওয়ামী লীগ কখনো জামায়াতকে নিষিদ্ধ করবে না। তাদেরকে নিশ্চিহ্ন করতে গিয়ে উল্টো দলটিকে আরও সংগঠিত করা হচ্ছে।
গোলাম আযমের রায় প্রসঙ্গ: ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হলেও এই রায় সব পক্ষকে সন্তুষ্ট করতে পারেনি কেন?’—সংলাপে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘অবশ্যই সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু আমি বা সরকার সন্তুষ্টি প্রকাশ করার কারণ হচ্ছে, ৪২ বছর পর গোলাম আযমের বিচার করতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘এটি একটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল। ডোমেস্টিক আইনেই এ বিচার হচ্ছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ ব্রিটিশ আইন অনুসরণ করে, যা কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশও অনুসরণ করে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ আমাদের এ বিচারকে স্বাগত জানিয়েছে।’
পুরো রায় পড়ার পর প্রতিক্রিয়া দেবেন বলে জানান মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। তবে এ রায়ে ‘স্বচ্ছতার অভাব’ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শফীর বক্তব্য প্রসঙ্গ: ‘আল্লামা শাহ আহমদ শফী নারীদের সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তাতে কি তাঁর বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া উচিত?’—সংলাপে এই প্রশ্নের জবাবে গীতি আরা নাসরিন বলেন, শফীর বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারকে চিন্তা করেই নিতে হবে।
হেফাজতের ১৩ দফায় নারীবিরোধী কিছু নেই দাবি করে শাহ আবদুল হান্নান বলেন, ‘আল্লামা শফী তেঁতুলের উদাহরণ না দিলেও পারতেন। তবে কারও বাকস্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।’ তিনি আলেমদের কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।
সংলাপের সঞ্চালক ছিলেন আকবর হোসেন।