প্রখ্যাত গণিত ও ভৌতবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলামকে জীবদ্দশায় যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জামাল নজরুল ইসলামের স্মরণে এক শোকসভায় এই মন্তব্য করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ শোকসভার আয়োজন করা হয়। এই গবেষণা কেন্দ্রটি জামাল নজরুল ইসলামের হাতে প্রতিষ্ঠিত হয়। গবেষণা কেন্দ্রের পরিচালক আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন, সাবেক উপাচার্য ফজলে হোসেন ও নুরুদ্দীন চৌধুরী, সাবেক সহ-উপাচার্য মো. আলাউদ্দিন প্রমুখ।জামাল নজরুলকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সহধর্মিণী সুরাইয়া ইসলাম ও ছোট মেয়ে নারগিস বিনতে নজরুল। এ ছাড়া তাঁর অধীনে এমফিল ও পিএইডি ডিগ্রি নেওয়া শাহীন ইসলাম, কামরুল ইসলাম, আবদুস সালাম, সোমা বিশ্বাস, অঞ্জন কুমার, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, সুজিত কুমার সাহা, মনিরুজ্জামান, সত্যজিৎ ভদ্র, মনিন্দ্র কুমার রায় ও শফিক হায়দার চৌধুরী স্মৃতিচারণা করেন। বক্তারা আরও বলেন, জামাল নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছিলেন, তাঁর লেখা একটি বইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত হয়নি। অথচ তাঁর লেখা সাতটি বই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত হয়েছে।