চট্টগ্রামে ইসলামিক ফ্রন্টের সংবাদ সম্মেলন
‘জামায়াত ইসলাম ও যুদ্ধাপরাধীদের বিচারকে মুখোমুখি দাঁড় করিয়েছে’
জামায়াতে ইসলামী ইসলাম ও যুদ্ধাপরাধীদের বিচারকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতারা। ‘শীর্ষ ১০ আলেমকে হত্যার পরিকল্পনা, দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব, সংখ্যালঘুদের ওপর হামলা ও জাতীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলটির চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক এস এম আবদুল করিম বলেন, জামায়াত-শিবিরের জঙ্গিরা যুদ্ধাপরাধীদের বিচার ও ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাস্তায় নামিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে।আবদুল করিম বলেন, যারা গাড়িতে, ট্রেনে ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেয় এবং চরম নিষ্ঠুরতায় পুলিশকে হত্যা করে, তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। তারা ধর্ম ব্যবসায়ী। ইসলামের নামে, ধর্মের লেবাসে ভ্রান্ত মওদুদী মতবাদের অনুসারী।সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ বলেন, জামায়াত-শিবির রাষ্ট্রকে জিম্মি করে দেশের সম্পদ নষ্ট করছে এবং ধর্মের ক্ষতি করছে। রাষ্ট্রীয় উদ্যোগেই জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংবাদ সম্মেলন থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি বিধান, সংখ্যালঘুসহ দেশের সব জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষা এবং আলেম হত্যার ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আজ শুক্রবার জুমার নামাজের পর নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল এবং শনিবার দেশের সব থানা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, দলের নগর কমিটির সভাপতি মোহাম্মদ রফিক, এইচ এম মজিবুল হক, মাওলানা মুছা আল কাদেরী, আল্লামা কাজী জসিম উদ্দিন, সৈয়দ জসিম উদ্দিন তৈয়বী প্রমুখ।