কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘এখন জামায়াত এ-টিম, বিএনপি বি-টিম।’ গতকাল শনিবার বিকেলে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। সাংসদ মো. জাহিদ আহসান রাসেলকে লক্ষ্য করে বোমা হামলার প্রতিবাদে ওই সভার আয়োজন করা হয়।সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘জামায়াতের মওদুদী পাকিস্তান সৃষ্টির সময় ব্রিটিশদের পক্ষে ছিলেন। একইভাবে বাংলাদেশ সৃষ্টির সময় পাকিস্তানের পক্ষে ছিলেন।’ কৃষিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।’মতিয়া চৌধুরী বলেন, টঙ্গী-গাজীপুরের মানুষ বুকে আগলে রেখে তাদের রাসেলকে রক্ষা করবে।প্রতিবাদ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে খালেদা জিয়া সমর্থন দিয়েছেন। উসকে দিয়েছেন। যার ফলে টঙ্গীতে সন্ত্রাসীরা জাহিদের ওপর বোমা হামলা করেছে।টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ মো. জাহিদ আহসান রাসেল, আ ক ম মোজামেঞ্চল হক, খালেদ মাহমুদ চৌধুরী ও টঙ্গী পৌরসভার মেয়র মো. আজমত উল্লাহ।