‘জামায়াত ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে হরতালবিরোধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ অবরোধ চলাকালে রাজধানীতে বিশ্বজিৎ দাসের হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করেন। সমাবেশে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হরতাল গণতান্ত্রিক অধিকার। গাড়ি ভাঙচুর কোন গণতন্ত্রে আছে? বিরোধী দলে থাকতে আমরাও হরতাল করেছি। তখন ভুলে কয়েকটি গাড়ি ভাঙচুর হওয়ায় আমরা তার জরিমানাও দিয়েছি।’সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘সংসদে আমরা বলেছি কোনো অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে প্রয়োজনে বিরোধী দলের দু-একজন সেই সরকারে থাকবেন। বেগম খালেদা জিয়া বলেন, তাঁর স্বামী মুক্তিযোদ্ধা। কিন্তু যুদ্ধাপরাধীর বিচার চান কি না সে বিষয়ে তিনি কিছু বলেন না।’নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেন, ‘বিএনপি প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে কিছু বলে না। কিন্তু গত কয়েক দিনের আচরণে প্রমাণ হয় তারা বিচার চায় না।’সমাবেশে আরও বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংসদ শামসুল হক চৌধুরী, সাংসদ চেমন আরা তৈয়ব, শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, যুবলীগ সভাপতি চন্দন ধর, স্বেচ্ছাসেবক লীগ নেতা বেদারুল আলম প্রমুখ। লাঠি মিছিল: অন্যদিকে হরতালের সমর্থনে গতকাল সকালে নগরের প্রবর্তক মোড়, বিপণিবিতান মোড়, লালখান বাজার ও বন্দর এলাকায় মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন। নগরের প্রবর্তক মোড় ও বিপণিবিতান এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করেন।