‘জামায়াত বারবার ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠাকাল থেকেই জামায়াতে ইসলামী বারবার ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছে। সারা দেশে জামায়াত সাধারণ মানুষের জানমাল ও সম্পদ নষ্ট করে সহিংসতা করেছে, ইসলাম তা সমর্থন করে না। গতকাল শনিবার বিকেলে নগরের লালদীঘি মাঠে ‘সামাজিক প্রতিরোধ কমিটি’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী।‘যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও নৈরাজ্যবিরোধী’ এই সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, যুব সংগঠন ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে মিছবাহুর রহমান বলেন, ‘ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করতেই জামায়াতে ইসলামীর জন্ম হয়। পাকিস্তানের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধিতা করায় মওদুদীকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানে দাঙ্গায় এক দিনে ১২ হাজার মানুষকে হত্যার অভিযোগে মওদুদীর ফাঁসি হয়।’মিছবাহুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী বারেবারে ইসলামের ভাবমূর্তি ধ্বংস করেছে। একাত্তর সালে তারা হত্যা-লুট-ধর্ষণের মতো জঘন্য অপরাধ করেছে। স্বাধীনতার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শাসকদের কাছে মিথ্যাচার করে জামায়াত অর্থ সংগ্রহ করেছে। সেই টাকা দিয়ে দলের অর্থনৈতিক বুনিয়াদ গড়েছে।’সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিগত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। বিচার নিজস্ব গতিতে চলছে। নতুন প্রজন্ম দাবি জানিয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসি হতে হবে।’ সমাবেশে বক্তারা গ্রামে ও পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে জামায়াত-শিবিরকে প্রতিহত করার আহ্বান জানান। নতুন প্রজন্মের এই আন্দোলনে একাত্তরের মুক্তিযুদ্ধোরাও সঙ্গে থাকবেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, সভাপতি মৃণাল চৌধুরী, মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের জেলা কমান্ডার সাহাবুদ্দিন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হানিফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক জানে আলম ও যুবলীগের সভাপতি চন্দন ধর।