‘জামায়াত-শিবির রুখতে জনগণকে মাঠে নামতে হবে’
‘জামায়াত-শিবির এখন লাশ চায়। পুলিশের অস্ত্র দিয়ে পুলিশকে পিটিয়েছে। উদ্দেশ্য ছিল পুলিশ গুলি করবে, লাশ পড়বে। এই লাশ নিয়ে জামায়াত-শিবির যুদ্ধাপরাধের বিচার বানচাল করবে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। পুলিশ মার খেয়েও প্রতিহত করেছে। এবার জনগণকে মাঠে নামতে হবে।’সিলেটসহ দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসাবহউদ্দিন সিরাজ। সিলেটে গত মঙ্গলবার পুলিশের ওপর হামলা করে জামায়াত-শিবির। এতে মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ১৮ জন সদস্য আহত হন। গতকাল সকালে নগরের কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে চৌহাট্টা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতা মিসবাহউদ্দিন সিরাজ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন।