'জামায়াত-শিবিরকে প্রতিরোধের এখনই সময়'
‘১৯৭১ সালে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল, সেই একইভাবে নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। একাত্তরে যা ঘটেছিল এখন হরতালের নামে তা ঘটছে। এসবের বিরুদ্ধে শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা ছাড়া কোনো বিকল্প নেই। জামায়াত-শিবিরকে প্রতিরোধের এখনই সময়।’
সামাজিক, সাংস্কৃতিক ও মানবতাবাদী সংগঠন ‘শান্তির অন্বেষায় সিলেট’ আয়োজিত বিভাগীয় সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গত শুক্রবার সিলেট নগরের রিকাবিবাজারে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সমাবেশ হয়। বিকেল থেকে রাত আটটা পর্যন্ত চলা সমাবেশে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশজীবীসহ সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
শান্তির অন্বেষায় সিলেটের আহ্বায়ক গণমাধ্যমব্যক্তিত্ব আল-আজাদের সভাপতিত্বে সমাবেশে শোলাকিয়ার খতিব, বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ঘোষণাপত্র পাঠ করেন প্রজন্ম ’৭১-এর কেন্দ্রীয় সভাপতি ও শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের সন্তান শাহীন রেজা নূর।
বিভাগীয় সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ সুফি ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রামাণিক, ইক্বরা বাংলাদেশ চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন সিরাজী, দিনাজপুর বীরগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আনসারী, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রিন্স সদরুজ্জামান।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি ইহতেশামুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১-এর সিলেট বিভাগীয় সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জলিল প্রমুখ। আল্লামা ফরীদ উদ্দীন বলেন, ‘জামায়াত-শিবির মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। করেছে লুটপাট, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ। এখনো দেশে মানুষ জবাই করে, পুড়িয়ে মারছে। শিশুদের হাতে বিস্ফোরক, ককটেল ও বোমা তুলে দিচ্ছে। অথচ কেউ কেউ তাদের বন্ধু ভেবে কাছে টেনে নিচ্ছে।’
ঘোষণাপত্রে সিলেটবাসীকে জামায়াত-শিবিরকে প্রতিরোধ করতে ঐক্য স্থাপনের আহ্বান জানিয়ে বলা হয়, ১৯৭১ সালে জামায়াত নাশকতার ষড়যন্ত্রে মেতেছিল, এবারও সেই রকম আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তাই জামায়াত-শিবিরকে প্রতিরোধের এখনই সময়।