‘জামায়াত-শিবিরের কাছে সরকার যেন অসহায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেছেন, ‘যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকার খেলছে। এটা সরকারের একটা কৌশল। এই বিচারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ শেষ হওয়ার কথা। এখন স্বাধীনতাবিরোধীরা নৈরাজ্য শুরু করেছে। জামায়াত-শিবিরের কাছে সরকার যেন অসহায়। জামায়াত-শিবির হচ্ছে অপশক্তি। জনগণকে নিয়েই এই অপশক্তিকে রুখতে হবে।’গতকাল শুক্রবার সিলেটে বাংলাদেশ যুব ইউনিয়নের দুই দিনব্যাপী বিভাগীয় যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আবু জাফর এসব কথা বলেন। সিলেট শহরের একটি কমিউনিটি সেন্টারে যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার যুব ইউনিয়নের নেতা-কর্মীরা মিলিত হন। সকালে যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি রমেন্দ্র কুমার চন্দ। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সংগঠক হাসান তারিক চৌধুরী, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। যুব ক্যাম্পে অংশগ্রহণকারীদের পক্ষে মৌলভীবাজার জেলার সভাপতি আবদুল মতিন , সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এনাম আহমদ, বক্তৃতা করেন।