‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত পরাজয় ঘনিয়ে আসার বিষয়টি বুঝতে পেরে জামায়াত-শিবির সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা করে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। জামায়াত-শিবিরের বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর চট্টগ্রামসহ সারা দেশে সাম্প্রদায়িক সহিংতার প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হয়। ‘সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে এই কর্মসূচির আয়োজন করেন সচেতন নাগরিক ও সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা। মানববন্ধন ও সমাবেশে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘প্রচলিত সব বিধিবিধান মেনেই যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী একাত্তরের মতোই শহীদ মিনার ভাঙচুর করছে, জাতীয় পতাকা পুড়িয়ে দিচ্ছে। মন্দির, প্যাগোডা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালাচ্ছে। তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ তিনি বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছে। বিজয় খুব সন্নিকটে। এখন ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ সমাবেশে মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান বলেন, ‘তরুণেরা এই লড়াই চালিয়ে যাবে। মুক্তিযোদ্ধারা তাদের সঙ্গে থাকবেন। জামায়াত-শিবিরের বিষদাঁত উপড়ে না ফেলা পর্যন্ত আমাদের লড়াই চলবে।’ আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারীনেত্রী নূরজাহান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী, সিপিবির জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, আওয়ামী লীগের নেতা মফিজুর রহমান, বাসদের নেতা মানস নন্দী, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, খেলাঘর মহানগর কমিটির সহসভাপতি আশীষ সেন ও উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর।