‘জামায়াতকে রক্ষার’ হরতাল প্রতিহত করা হবে: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দলগুলোর ডাকা আজ রোববারের হরতাল ‘জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায়’ ও দলটিকে রক্ষার জন্য ডাকা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। তাই এ হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জোটটি।গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন থানায় ১৪ দলের সমাবেশ থেকে হরতাল প্রতিহত করার এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার জন্য আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করারও দাবি জানানো হয়। গত শুক্রবার সারা দেশে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক দলগুলোর তাণ্ডব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পবিত্রতা নষ্ট, সাংবাদিকদের ওপর হামলা, জাতীয় পতাকার অবমাননা ও শহীদ মিনার ভাঙচুরের প্রতিবাদে গতকাল ঢাকাসহ দেশব্যাপী ১৪ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ধর্মভিত্তিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনারা কি ইসলাম রক্ষা করবেন, নাকি জামায়াতে ইসলামকে রক্ষা করবেন? ইসলাম রক্ষার নামে যাঁরা জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছেন, তাঁরা জামায়াতে ইসলামীকে রক্ষা করছেন।’ তিনি বলেন, ‘আপনারা জামায়াত-শিবিরকে ত্যাগ করুন। নতুবা আপনাদেরও প্রতিরোধ করা হবে। সরকার ইসলাম ও মহানবী (সা.)-এর সম্মান হেফাজতে নিয়োজিত।’ একই সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ব্লগার রাজীব শহীদ হয়েছেন। এখন তাঁকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর মৃত্যুর আগে ইসলাম অবমাননা নিয়ে কেন লেখা প্রকাশ করা হলো না—এমন প্রশ্ন তুলে কামরুল ইসলাম বলেন, ‘জীবিত থাকতে ধর্মের বিরুদ্ধে এসব লেখা প্রকাশিত হলে আমরা তাঁর (রাজীব) বিচার করতাম। কিন্তু মৃত্যুর পর কেন উদ্দেশ্যমূলকভাবে এ লেখা প্রকাশ করা হলো?’ রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে, চকবাজার প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ—এই তিন স্থানে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ভুয়া লিফলেট ছড়িয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো শুক্রবার শহীদ মিনারে হামলা চালানো হয়েছে। এর জন্য আমার দেশ পত্রিকা দায়ী। এই পত্রিকাটি বন্ধ ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে, মগবাজার মোড় ও মিরপুর পূরবী সিনেমা হলের সামনেসহ অন্যান্য থানা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এসব মিছিল-সমাবেশে নেতৃত্ব দিয়েছেন ঢাকার বিভিন্ন আসনের সাংসদেরা। ১৪ দল ছাড়াও আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।