'জামায়াতবিরোধী অবস্থানে জীবন গেছে লিটনের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের ওপর বারবার হামলা হয়। ওই এলাকায় জামায়াতবিরোধী শক্ত অবস্থানের কারণেই তাঁকে জীবন দিতে হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যৌথ সভার সূচনা বক্তব্যে দলীয় প্রধান এ কথা বলেন।
সুন্দরগঞ্জে গুলিতে শিশু আহত হওয়ার ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে। মাঝখানে একটা বাচ্চা গুলিতে আহত হলো। সেটা নিয়ে পত্রপত্রিকা এমনভাবে লেখালেখি করল; ক্যারেক্টার অ্যাসাসিনেশন (চরিত্রহনন) করল। কিন্তু সেখানে যে ঘটনা হয়েছিল, সেটা কেউ লিখল না।’
শেখ হাসিনা বলেন, ‘সেখানে অ্যাম্বুশ করে রাখা হয়েছিল। যেহেতু ও সব সময় সতর্ক ছিল, লাইসেন্স করা পিস্তল ছিল; সে কোনোমতে সেখান থেকে বেঁচে আসে। ওই সময় গোলাগুলিতে ছেলেটা আহত হয়।’
শিশুকে গুলি করার অভিযোগে সাংসদ মনজুরুল ইসলামের বিরুদ্ধে মামলা হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘স্বাভাবিকভাবে তার বন্দুক জব্দ করা হয়। এই যে তার অস্ত্রটা নিয়ে যাওয়া হলো, এরপর সে সব সময় আতঙ্কে থাকত যে যেকোনো সময় তাকে আক্রমণ করা হবে। ঠিক সেই ঘটনাটি ঘটল।’