‘জামায়াতে ইসলামী দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী ধর্মের নামে বিভিন্ন অপকর্ম করছে। জনগণের কাছে স্বরূপ উন্মোচিত হওয়ায় জামায়াতে ইসলামী দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে।গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।চট্টগ্রামের ১০ বিশিষ্ট আলেমকে জামায়াত-শিবির কর্তৃক হত্যার পরিকল্পনার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। সমাবেশে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্রসেনা।গতকালের সমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কাজী আনোয়ারুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের সব যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। সাধারণ মানুষ সন্ত্রাস সহ্য করবে না। আমরা ইসলামের বিভিন্ন বিষয়ে সঠিক বক্তব্য দিচ্ছি, তাই জামায়াতে ইসলামীর গাত্রদাহ হয়েছে।’আনোয়ারুল ইসলাম খান আরও বলেন, ইসলাম ও জামায়াতে ইসলামী এক নয়। জামায়াতে ইসলামী দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছে। কোনো ব্যক্তিকে হত্যার মাধ্যমে ইসলামের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।চট্টগ্রামের ১০ আলেমকে হত্যার পরিকল্পনার অভিযোগে গত সোমবার নগরের বিভিন্ন এলাকা থেকে শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মীরা ওই আলেমদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানোর পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে।গতকালের সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর সত্যিকার রূপ গত কয়েক দিনে দেশবাসী জানতে পেরেছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ জামায়াতের সহিংসতা প্রশ্রয় দেবে না। আলেম হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয় সমাবেশ থেকে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামিক ফ্রন্টের নেতা মজিবুল হক, আবদুস সবুর, নগর শাখার অর্থ সম্পাদক ওয়াহেদ মুরাদ ও ইসলামী ছাত্রসেনার নগর শাখার সভাপতি মঈনুদ্দীন হালিম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।গত সোমবার গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মীদের কাছে পাওয়া তালিকায় নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকসহ ১০ জন আলেমের নাম ছিল। এদিকে আলেম হত্য পরিকল্পনার ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। এর প্রতিবাদে ট্রাস্টের পক্ষ থেকে আজ নগরের বিবিরহাটে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।