'জামায়াতের সন্ত্রাস' প্রতিহত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান  ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান ছবি: প্রথম আলো

ধর্মের নামে জামায়াত-শিবির যে অনাচার করে চলেছে, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। মুক্তিযুদ্ধের সময় যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সহযোগীদের চিহ্নিত করতে হবে।
দেশজুড়ে জামায়াত-শিবিরের সন্ত্রাস প্রতিহত করার আহ্বান এবং জামায়াতকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে, অর্থনীতিকে পঙ্গু করতে এবং দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। সরকারের কাছে দাবি জানাই, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক দল হিসেবে নয়, সন্ত্রাসী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হোক।’
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ১৮-দলীয় জোট জামায়াতের ওপর ভর করে রাজনীতি করছে। একের পর হরতাল দিয়ে সহিংসতা করছে। দেশে জামায়াতের রাজনীতি করার অধিকার নেই।
সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, আগামী নির্বাচনে জনগণ প্রমাণ করবে, দেশে সাম্প্রদায়িক কোনো শক্তির ঠাঁই নেই। জামায়াতের নিবন্ধন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জামায়াতের নিবন্ধন বাতিল চাই না। আমরা চাই, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হোক।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, ফকির আলমগীর, ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।
সমাবেশে জানানো হয়, ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনকেন্দ্রে সংস্কৃতি, মুক্তিযোদ্ধা, নারী সংগঠনসহ সব পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।