‘জারা লেবু কৃষকদের লাভবান করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের মাটি ও আবহাওয়া অনুকূল থাকায় বিচ্ছিন্নভাবে অনেক কৃষকই জারা লেবু উৎপাদন করে আসছেন। ইউরোপে এই জারা লেবুর চাহিদা রয়েছে। কিন্তু এই লেবু ক্যাংকার নামের একটি রোগে (দাদের মতো রোগ) আক্রান্ত হয়ে থাকে। ক্যাংকারমুক্ত জারা লেবু উৎপাদন এবং তা রপ্তানি করা গেলে এই অঞ্চলের লেবুচাষিরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। গতকাল বুধবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যাংকারমুক্ত রপ্তানিযোগ্য লেবু উৎপাদনে চাষিদের সচেতন করতে এক দিনের প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য জানানো হয়েছে। রপ্তানিযোগ্য লেবু ও সবজি উৎপাদন কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয়। প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. আবদুল জলিল মিয়া ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী লুৎফুল বারী। এতে মৌলভীবাজার সদর উপজেলার ৩০ জন লেবুচাষি অংশ নেন। কৃষি বিভাগ জানিয়েছে, সাধারণত একটি লেবু গাছের কাঁটা অন্য গাছের লেবুতে ঘষা খেয়ে সেখানে ক্ষতের সৃষ্টি হচ্ছে। সেই ক্ষতস্থানটি ক্যাংকারের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে।