‘জার্নি টু হেরিটেজ’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে নবীন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জার্নি টু হেরিটেজ’ বা ‘ঐতিহাসিক নগরকেন্দ্র আন্দরকিল্লা ভ্রমণ’। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত অদম্য চট্টগ্রাম উৎসবকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সকালে নগরের ফুলকি মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মোহাম্মদ মন্জুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন ও সিসিসির শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম। স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টার -এর চট্টগ্রাম ব্যুরোর প্রধান রইসুল হক। অনুষ্ঠানের শুরুতে উৎসব উপলক্ষে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও জীবনযাত্রা নিয়ে নির্মিত টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) প্রদর্শিত হয়। এরপর ‘আন্দরকিল্লার পুরাকীর্তি ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী নগরকেন্দ্র’ শীর্ষক তথ্যচিত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী কিউরেটর শামসুল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক পুরার্কীতিগুলো অত্যন্ত মূল্যবান। পরির পাহাড়ে অবস্থিত আদালত ভবনের উদাহরণ দিয়ে তিনি বলেন, কালের সাক্ষী আদালত ভবন একসময় জরাজীর্ণ হয়ে পড়েছিল। চট্টগ্রামবাসী আন্দোলন করে ভবনটি রক্ষা করেছে। এ আয়োজনের জন্য ডেইলি স্টারকে ধন্যবাদ জানিয়ে মেয়র মনজুর বলেন, নবীন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, চট্টগ্রাম শহর বিশ্বের প্রাচীনতম শহরের মধ্যে অন্যতম। পর্তুগিজ মহাকাব্যে চট্টগ্রাম বন্দরের উল্লেখ আছে। সপ্তম শতকে চট্টগ্রামে টাকশাল ছিল। আন্দরকিল্লায় ছিল আরকানিদের দুর্গ। অতীতে বন্দর ছিল কর্ণফুলীর দক্ষিণ তীরে। নিজের শৈশবের কথা উল্লেখ করে অনুপম সেন বলেন, নগরের মুসলিম হাইস্কুলের পুরোনো ভবন ও চট্টগ্রাম সরকারি কলেজের কেন্দ্রীয় ভবনটি ছিল প্রাচীন আমলের নিদর্শন। কিন্তু সেগুলো রক্ষা করা সম্ভব হয়নি। তথ্যচিত্র উপস্থাপনের সময় শামসুল হোসাইন জানান, আন্দরকিল্লায় নয়টি ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এগুলো হলো—রংমহল পাহাড়, বদর আউলিয়া সমাধি, আন্দরকিল্লা শাহি জামে মসজিদ, কদম মোবারক মসজিদ, মসজিদ প্রাঙ্গণে থাকা সমাধিসৌধ, আদালত ভবন, জেনারেল হাসপাতাল, লালদীঘি ও লালদীঘি মাঠ। শামসুল হোসাইন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতেরা চট্টগ্রামের ইতিহাস নিয়ে কাজ করছেন। অথচ আমরা নিজেরাই চারপাশে ছড়িয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে সচেতন নই।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরের চারটি বিদ্যালয় ও কলেজের প্রায় শ খানেক শিক্ষার্থী ঐতিহাসিক নগরের চেরাগী পাহাড় ও আন্দরকিল্লা এলাকার ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করেন। দুই দিনের আয়োজনে নগরের মোট ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নেবে। গতকাল আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২০ জন শিক্ষার্থী ঐতিহাসিক নগরকেন্দ্র আন্দরকিল্লা ভ্রমণ করে। আজ সোমবার সকালে ও বিকেলে দুই দলে ভাগ হয়ে আরও ১১টি স্কুল-কলেজের শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নেবেন। এর আগে গত ১৬ ও ১৭ মার্চ ডেইলি স্টার-এর আয়োজনে দুই দিনব্যাপী ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত হয়।