'জার্মানিতে উচ্চশিক্ষা: মুখোমুখি আলাপ' বিষয়ে কার্যক্রম চালু
চট্টগ্রামে গ্যেটে ইনস্টিটিউট অনুমোদিত জার্মান ভাষাশিক্ষাকেন্দ্র ডি স্প্রাখে চালু হয়েছে ‘জার্মানিতে উচ্চশিক্ষা: মুখোমুখি আলাপ’ বিষয়ে নতুন একটি সেবা কার্যক্রম। এর মাধ্যমে জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি এ-সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের জামালখানে ডি স্প্রাখের কার্যালয়ে নতুন এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের তৃতীয় সচিব ক্রিস্টিয়ান ছুয়েরপেল। স্বাগত বক্তব্য দেন ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপাস্থিত ছিলেন চট্টগ্রামে জার্মানির অনারারি কনসাল শাকির ইস্পাহানী, জার্মান দূতাবাসের কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
জার্মান দূতাবাসের তৃতীয় সচিব ক্রিস্টিয়ান ছুয়েরপেল বলেন, ‘বাংলাদেশের উচ্চশিক্ষার্থীদের আগ্রহের কথা ভেবেই আমরা এ উদ্যোগ নিয়েছি। ঢাকার বাইরে এ ধরনের সেবা কার্যক্রম এটিই প্রথম। উচ্চশিক্ষার্থীরা এতে উপকৃত হবেন আশা করি।’
উল্লেখ্য, প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ডি স্প্রাখে কার্যালয়ে এ সেবা কার্যক্রম পরিচালিত হবে।