এক ফসলি জমি আর জলমহালই হাওরবাসীর জীবন। কিন্তু জলমহালের স্বত্ব চলে যাচ্ছে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই তাঁদের। তাঁদের কাছে ক্ষোভ জানানোর সবচেয়ে বড় মাধ্যম হলো ভোট। আগামীকাল বুধবার অনুষ্ঠেয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে দল ও প্রতীকের চেয়ে যাঁর দ্বারা ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়িত হবে বলে মনে করবেন, তাঁকেই বিবেচনায় রাখবেন।
কথা বলে জানা গেল, হাওরের অর্থনীতি কৃষি ও মৎস্য সম্পদনির্ভর। কিশোরগঞ্জ-৪ আসনের তিন উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনে ছোট-বড় প্রায় ৩৫০টি জলমহাল রয়েছে। জেলা প্রশাসন থেকে সমবায় সমিতির মাধ্যমে প্রকৃত জেলেরা ইজারা পাওয়ার কথা। একসময় এমনটাই হতো। এখন রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ছে। দিনে দিনে ইজারার তালিকা থেকে প্রকৃত জেলেরা বাদ পড়ে যাচ্ছেন। বিত্তবান ও প্রভাবশালী জেলেশ্রেণী তৈরি হচ্ছে।
ইটনার জেলেপল্লি ও বাজারহাটিতে গিয়ে জানা গেছে ‘জাল যার, জলা তার’ নীতির অপব্যবহার নিয়ে জেলেদের ক্ষোভ ও ভোটভাবনার কথা। সরাজ বর্মণ (৭৫) জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন মাছ ধরে। জীবন এগিয়ে চললেও খুব বেশি স্বাচ্ছন্দ্য আসেনি তাঁর পরিবারে। হতে পারেননি জলমহালের মালিক। মনোবেদনা নিয়ে সরাজ বর্মণ বলেন, ‘আমরা জালের মালিক, জলার না। কোট-টাই পরা ভদ্রলোকেরা এহন জেলে।’ একই পাড়ার সুরেন বাজারহাটির সুমন বর্মণ বলেন, ভোটের সময় ‘জাল যার, জলা তার’ নীতির কথা বললেও জয়ী হওয়ার পর আর তাঁদের কথা মনে রাখেন না।