চট্টগ্রামে বাসায় ঢুকে মা ও মেয়েকে খুনের মামলার প্রধান আসামি আবু রায়হান (২৫) গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি স্বীকার করেন, তাঁকে বাদ দিয়ে অন্য একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় সায়মাকে খুন করেন তিনি। সায়মার মাকে খুন করার পরিকল্পনা না থাকলেও তিনি বেঁচে থাকলে ধরা পড়তে পারেন—সে শঙ্কায় তাঁকেও খুন করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রায়হান গতকাল বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর হাকিম নুরে আলম ভূঁঞার খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দেন। পরে বিচারক রায়হান ও তাঁর সহযোগী মোহাম্মদ শহীদকে (২৬) কারাগারে পাঠানোর আদেশ দেন।
রায়হান জবানবন্দিতে বলেন, সায়মার সঙ্গে গত বছরের মার্চে তাঁর পরিচয়। সর্বশেষ গত ১২ মার্চ নগরের আখতারুজ্জামান সেন্টারে তাঁদের দেখা হয়। এরপর ১৬ মার্চ যোগাযোগ বন্ধ করে দেন সায়মা। ১৭ মার্চ তিনি সায়মাদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিলে তাঁর বাবা অপমান করে তাঁকে বের করে দেন। ১৮ মার্চ নতুন সিম নিয়ে সায়মা আরেকটি ছেলের সঙ্গে প্রেম শুরু করেন। এর পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। পরে নগরের একটি হোটেলের গাড়িচালক শহীদকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।
রায়হান উল্লেখ করেন, খুন করার আগে অলংকার মোড় মনসুরাবাদ থেকে ৫০০ টাকা দিয়ে একটি ছুরি ও টেঁটা কেনেন। পরে খুন করে ঢাকায় পালিয়ে যান।
এর আগে গতকাল সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলনকক্ষে রায়হান ও শহীদ সাংবাদিকদের সামনে খুনের বিস্তারিত বর্ণনা দেন। খুন করে খারাপ লাগছে কি না, প্রশ্নে রায়হান বলেন, ‘জাস্ট একটু খারাপ লাগছে। যা হবার আদালতে হবে।’
এ সময় বাকপ্রতিবন্ধী মনজুর আলম, অটোরিকশাচালক মোহাম্মদ রুবেল, ছুরি বিক্রেতা রাজীব কর্মকার ও ওষুধের দোকানের মালিক দুলালও উপস্থিত ছিলেন। তাঁরা রায়হান ও শহীদকে শনাক্ত করেন।
গত সোমবার ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় খুন হন রিজিয়া খাতুন (৫০) ও তাঁর মেয়ে সায়মা নাজনীন (১৮)। এ ঘটনায় ওই দিন রাতেই সায়মার বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রেজাউল করিম বাদী হয়ে রায়হানের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় দু-তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোররাতে ঢাকা থেকে রায়হান ও চট্টগ্রামের খুলশী থেকে শহীদকে গ্রেপ্তার করে।