'জাহাজ না চালানোর' কর্মসূচি থাকবে কি না, সিদ্ধান্ত কাল
জাহাজমালিকদের ‘জাহাজ না চালানোর’ কর্মসূচি থাকবে কি না, তা আগামীকাল রোববার সাধারণ নৌযান-মালিকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌযান মালিক সংগঠনের নেতারা। আজ শনিবার চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান তাঁরা।
জাহাজমালিকদের কর্মসূচির চতুর্থ দিনে বন্দর চেয়ারম্যানের আহ্বানে এ বৈঠক হয়। দুপুর ১২টা থেকে প্রায় তিন ঘণ্টার এ বৈঠকে জাহাজমালিক ও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী প্রতিনিধিরা নিজেদের সমস্যা তুলে ধরেন।
বৈঠক শেষে বন্দর ভবনে নৌযান-মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী বড় জাহাজগুলো অপেক্ষা করায় বন্দরের সমস্যা হচ্ছে। তাই বন্দর চেয়ারম্যান বৈঠক ডেকেছেন। নৌযান-মালিকদের সুযোগ-সুবিধা নিয়ে বন্দর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। এখন সাধারণ নৌযান-মালিকদের সঙ্গে কাল আলোচনা করা হবে। কাল একটি ইতিবাচক ফল আসবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার বৈঠক শেষে বলেন, জাহাজ না চালানোর কারণে বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজ আটকে থাকছে। এখন ১৮টি জাহাজে কাজ চলছে। ৪০টি জাহাজে কাজ হচ্ছে না। এসব জাহাজে প্রায় ১৮ লাখ টন পণ্য রয়েছে। এ সমস্যাটি নৌযান-মালিকেরা বুঝতে পেরেছেন। কালকের মধ্যে ইতিবাচক ফল পাওয়ার বিষয়ে তিনিও আশাবাদী।
মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ২০ এপ্রিল রাত ১২টা থেকে শুরু হওয়া নৌযানশ্রমিকদের ধর্মঘট গত মঙ্গলবার রাত ১০টায় স্থগিত করা হয়। এর আগে ওই দিন দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সচিবালয়ে আন্দোলনরত শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। এতে ‘ক’ শ্রেণির নৌযানের শ্রমিকদের সর্বনিম্ন ধাপের মজুরি সাত হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের কথা মন্ত্রী জানানোর পর ধর্মঘট কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন শ্রমিকনেতারা। তবে নৌযান-মালিকদের প্রতিনিধিরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পরের দিন বুধবার থেকে ‘জাহাজ না চালানোর’ কর্মসূচি শুরু করেন।