'জাহিদ হোসেন ধর্মান্তরে বাধ্য করেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী জীবন কৃষ্ণ দাস। জবানবন্দিতে তিনি বলেন, জাহিদ হোসেন ও তাঁর সঙ্গীরা একাত্তরে তাঁকে ধর্মান্তরিত হতে বাধ্য করেছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জীবন কৃষ্ণ দাস (৭৪) জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি নগরকান্দার জঙ্গুরদী বাগুটিয়া গ্রামে। মুক্তিযুদ্ধের সময় বৈশাখ মাসে খোকন রাজাকার (জাহিদ হোসেন), জাফরসহ অন্য রাজাকাররা জঙ্গুরদী বাগুটিয়ায় লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হিন্দুদের ধর্মান্তরে বাধ্য করেন। তাঁকেও ধর্মান্তরে বাধ্য করা হয়। শ্রাবণ মাসের দিকে নিরাপত্তার কথা ভেবে তিনি পরিবারসহ দেশ ছাড়তে বাধ্য হন। মুক্তিযুদ্ধ শেষে তিনি দেশে ফেরেন।
জীবন কৃষ্ণ দাসের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩১ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।