'জি টু জি প্লাস' পদ্ধতিতে সম্মত দুই দেশ
‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। গতকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের প্রতিনিধিরা বৈঠক শেষে এ-সংক্রান্ত কার্যবিবরণীতে সই করেন।
‘জি টু জি প্লাস’ পদ্ধতি হলো জনশক্তি রপ্তানির বিষয়টি সরকারের হাতে থাকবে। তবে সরকার চাইলে এ কাজে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদেরও যুক্ত করতে পারবে।
>মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি: লক্ষ্য পূরণ না হওয়ায় আলোচনা চলছিল, এবার জনশক্তি পাঠানোর কাজটি বেসরকারি পর্যায়ে বিজনেস টু বিজনেস পদ্ধতি ছেড়ে দেওয়া হবে
গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব খন্দকার মো. ইফতেখার হায়দার ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল শরিফউদ্দিন বিন কাশেম নিজ নিজ দেশের পক্ষে কার্যবিবরণীতে সই করেন। এ সময় উপস্থিত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, এখন সুবিধামতো সময়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে সমঝোতা স্মারক সই হবে।
শরিফউদ্দিন বিন কাশেমের নেতৃত্বে মালয়েশিয়ার প্রতিনিধিদলটি ১২ সেপ্টেম্বর ঢাকায় আসে। গতকাল রাতে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়।
সরকারি পর্যায়ে (জি টু জি) মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে লক্ষ্য পূরণ না হওয়ায় আলোচনা চলছিল, এবার জনশক্তি পাঠানোর কাজটি বেসরকারি পর্যায়ে (বিজনেস টু বিজনেস পদ্ধতি বা বি টু বি) ছেড়ে দেওয়া হবে। এ রকম পরিস্থিতিতে গত সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে মালয়েশিয়ার প্রতিনিধিদল সাক্ষাৎ করে। ওই সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ার প্রতিনিধিদল বি টু বি পদ্ধতিতে জনবল পাঠানোর প্রস্তাব নিয়ে আসেনি। তারা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করতে রাজি নয়। এখন ‘জি টু জি প্লাস’ পদ্ধতিতে জনশক্তি পাঠানো হবে। এতে সরকার চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজকে (বায়রা) এ কাজে সংযুক্ত করতে পারবে।