'জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিচ্ছেন শাকিলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। আইনজীবী শাকিলা ফারজানা জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিচ্ছেন বলে দাবি করেছে র‌্যাব।
এদিকে আজ বুধবার শাকিলা ফারজানার রিমান্ড শেষ হবে। এরপর তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হবে।
হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিন আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন। শুনানি শেষে গত সোমবার আদালত শাকিলা ফারজানার ৪৮ ঘণ্টা এবং মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীর ৭২ ঘণ্টা করে রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে নগরের পতেঙ্গায় র‌্যাব-৭-এর কার্যালয়ে নেওয়া হয়।
র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তিন আইনজীবীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। শাকিলা ফারজানা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে অনেক তথ্য দিচ্ছেন। তিনি বলেন, টাকাটা তাঁকে কে বা কারা দিয়েছেন, তা জানার চেষ্টা চলছে।
১৮ আগস্ট রাজধানীর ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে চট্টগ্রামের র‌্যাব-৭। পরদিন সংবাদ সম্মেলনে র‌্যাব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ টাকা এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন।