'জিতলে অবশ্যই কাজ করতে পারব'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে সংরক্ষিত আসনের বৈধ মনোনীত নারী কাউন্সিলর প্রার্থীরা বলছেন, এখন নির্বাচনে জেতার আশা। আর জিততে পারলে যত প্রতিবন্ধকতাই আসুক তাঁরা কাজ করতে পারবেন।
আজ বুধবার আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে সকাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, সাধারণ এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলে। আজ বাছাইয়ের প্রথম দিন ছিল।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম একেকজনের নাম ডেকে প্রার্থিতা বৈধ না অবৈধ তা বলে দিচ্ছিলেন। যাঁদের প্রার্থীতা বৈধ বলা হচ্ছিল সেই প্রার্থীরা সেখান থেকে বের হয়েই একজন আরেকজনকে জড়িয়ে ধরছিলেন।
আজ দুপুরে কথা হয় সংরক্ষিত আসনে বৈধতা পাওয়া কয়েকজন প্রার্থীর সঙ্গে। শাহানা ফেরদৌসী এবারই প্রথম নির্বাচন করতে যাচ্ছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে এম এ করেছেন। তাঁর ভাষায়, ‘সংরক্ষিত নারী আসন থেকে জিতে আসা কঠিন ব্যাপার। অনেকটা অথই সমুদ্র থেকে বেঁচে আসার মতো। সাহস করে আসলাম। মনোবল আছে। কাজ করার ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারব বলেই বিশ্বাস।’
বাংলাদেশ নারী মৈত্রী সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহানা ফেরদৌসী বলেন, তিনটি ওয়ার্ডে ২ লাখ ৩৪ হাজার ভোটারের ভোট পেয়ে জয়ী হতে হবে। টাকা পয়সা খুব বেশি নেই। স্বামী, আত্মীয়স্বজনের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েই নির্বাচন করতে হচ্ছে।
যুব মহিলা লীগের পল্লবী থানার সেক্রেটারি বিলকিস পারভীনও এবার প্রথমবারের মতো নির্বাচন করছেন। জনগণের জন্য কাজ করতে পারার দৃঢ় প্রত্যয় তাঁর কণ্ঠে।
ব্যবসায়ী শিরীন শান্তিরও নির্বাচনে এবারই হাতেখড়ি। তিনি বলেন, ‘যেহেতু আগে কাজ করিনি তাই সুযোগ পেলে জিততে পারলেই বুঝতে পারব কতটুকু কাজ করতে পারব।’
গৃহিণী সাবিনা ইয়াসমীন বলেন, ‘এখন আমি কোনো পদে নেই। তারপরও জনগণ যেকোনো প্রয়োজনে আমাকে ডাকে। আমিও কাজ করি। তাই কাজ করতে পারব।’
তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর মেহেরুন্নেছা হক বলেন, ‘নারী কাউন্সিলর হিসেবে রাস্তাঘাট বা উন্নয়ন মূলক কাজ করতে পারিনি। আমাদের ভাগে বাজেট কমই পড়ে। তিন ওয়ার্ডে কাজ করার জন্য আমরা বাজেট পাই না। তবে আমি মানুষের সুবিধা অসুবিধা দেখেছি। মানুষের সমস্যা সমাধানে কাজ করেছি।’