‘জিনে ধরা’ আতঙ্কে বিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ার একটি বিদ্যালয়ে ‘জিনে ধরা’ আতঙ্ক বিরাজ করছে। ফলে বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত দুই মাসে ছাত্রী, তিন শিক্ষিকাসহ অর্ধশতাধিক ব্যক্তি হঠাৎ চেতনা হারিয়ে ফেলায় এ আতঙ্ক শুরু হয়েছে। তবে চিকিৎসকেরা বলছেন, এটা ‘গণমনস্তাত্ত্বিক রোগ’।মঠবাড়িয়া পৌর শহরের ওই বিদ্যালয়ের নাম কে এম লতিফ ইনস্টিটিউশন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জিন-আতঙ্ক দেখা দেওয়ায় গত শুক্রবার স্থানীয় একজন মাওলানা ডেকে বিদ্যালয় থেকে ‘জিন তাড়ানো’র আয়োজন করা হয়। তবে শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত আরও কয়েকজন একইভাবে অসুস্থ হয়ে পড়ে। ফলে আগামীকাল বুধবার পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ে প্রথম এ ধরনের ঘটনা ঘটে। এরপর গত দুই মাসে বিদ্যালয়ের অন্তত ৫০ জন ছাত্রী ও তিন শিক্ষকার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি ঘটে গতকাল।জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অসুস্থ শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।