‘জিনের বাদশাকে’ গণপিটুনি!
ফেনীর পরশুরাম উপজেলায় ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার সময় বদু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার পৌর এলাকার অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুবলাচাঁদ গ্রামের সৌদিপ্রবাসী মো. লিলু মিয়ার স্ত্রী ফারজানা পারভীনের মুঠোফোনে ১৫ দিন ধরে জিনের বাদশা পরিচয় দিয়ে বদু মিয়া ফোন করতেন। মুঠোফোনে তিনি ফারজানাকে বিপুল পরিমাণ ধনদৌলতের মালিক বানিয়ে দেওয়ার লোভ দেখাতে থাকেন। একপর্যায়ে বদু মিয়া তাঁকে একটি পাঁচ লাখ টাকা মূল্যের মূর্তি দেওয়ার কথা বলে ২১ হাজার ১০০ টাকা নিয়ে পার্শ্ববর্তী অনন্তপুর গ্রামের একটি নির্জন স্থানে আসতে বলেন। বদুর কথামতো তিনি গতকাল দুপুরে ওই স্থানে যান। সেখানে আগে থেকেই একটি সোনালি রঙের মূর্তি রাখা ছিল। বদু মুঠোফোনে তাঁকে ওই মূর্তির পাশে টাকা রেখে যেতে বলেন। ফারজানা মূর্তির পাশে টাকা রেখে সেটি হাতে নিয়ে দেখেন মূর্তিটি পিতলের।এদিকে ঘটনাস্থলের আশপাশে আগে থেকেই ওত পেতে ছিলেন ফারজানার পরিবারের স্বজনেরা। ফারজানা চলে যাওয়ার পর ওই স্থান থেকে টাকা নেওয়ার সময় তাঁরা বদু মিয়া ও তাঁর সহযোগী মো. সুমনকে ধাওয়া করেন। পরে তাঁরা বদু মিয়াকে আটক করতে সক্ষম হলেও সুমন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বদুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বদু মিয়ার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, জিনের বাদশা পরিচয় দিয়ে বদু মিয়া ও তাঁর সহযোগীরা লোকজনকে ধনী বানানোর লোভ দেখিয়ে প্রতারণা করে আসছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।