‘জিনের বাদশা’ গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। গত সোমবার রাতে প্রতারণার কাজে ব্যবহারের জন্য সহযোগীদের পিস্তল চালনার প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। কিন্তু বিধি বাম। হঠাৎ অসাবধানতাবশত পিস্তল থেকে একটি গুলি তাঁর পেটের ডান পাশে লাগে। গুরুতর আহতাবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পিস্তল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ফিরোজের সহযোগীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে গ্রামের আবদুর রহমানের ঘরে ফিরোজ তাঁর সহযোগী তারাজুল মিয়া (৩২), ফিরোজ কবির (৩৫), রাসেল মিয়া (২৮), আশরাফ আলী (৩৮) ও আবদুর রহমানকে (৪৫) গুলি চালানো শেখানোর সময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পিস্তলসহ জিনের বাদশা চক্রের সদস্যরা পরিবার-পরিজন নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজকে গ্রেপ্তার করে। সেখানে তাঁকে পুলিশি পাহারায় রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অবৈধ অস্ত্র আইনে মামলা করেছে। প্রশিক্ষণকাজে ব্যবহূত পিস্তলটি ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফিরোজ পিস্তল চালানো শেখাতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করেছেন।