'জিন' তাড়ানোর নামে শিশু হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ‘জিন’ তাড়ানোর নামে নির্যাতন চালিয়ে হোসেন (৬) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল শনিবার শিশুটির লাশ উদ্ধার করেছে।

হোসেন দোহারের পানকুণ্ডু গ্রামের প্রবাসী আ. রশিদের ছেলে। গত শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কথিত ওঝা (কবিরাজ) জসিম উদ্দিন পলাতক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, হোসেন খুব চঞ্চল স্বভাবের ছিল। সময়মতো খাওয়াদাওয়া করত না। সন্ধ্যায় না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। হোসেনের এই আচরণ দেখে তার পরিবার চিন্তিত হয়ে পড়ে। শুক্রবার দুপুরে হোসেনকে নিয়ে তার মা হুসনা বেগম পাশের গ্রামের ওঝা জসিমের কাছে যান। জসিম তাকে দেখে বলেন, ‘জিনে আছর করেছে, ঝাড়ফুঁক করতে হবে।’ এরপর কিছুক্ষণ ঝাড়ফুঁক করেন। একপর্যায়ে শিশুটির বুকের ওপর দীর্ঘক্ষণ পা দিয়ে পাড়া দিয়ে রাখেন। কিছুক্ষণ পর হোসেনের দেহ নিথর হয়ে পড়ে। এরপর জসিম বলেন, ‘জিন চলে গেছে, ওকে বাড়িতে নিয়ে যান। দুই ঘণ্টা পর সে সুস্থ হয়ে উঠবে।’

বাড়িতে ফিরে হুসনা বেগম বুঝতে পারেন, হোসেন বেঁচে নেই। এ ঘটনায় গতকাল তিনি দোহার থানায় মামলা করেন। ভণ্ড ওঝাকে ধরতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার ও নবাবগঞ্জ থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। কিন্তু তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ গতকাল দুপুরে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।