'জিয়া ক্ষণজন্মা পুরুষ'
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। দেশের প্রতিটি সংকটে তিনি জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি। একই সঙ্গে তিনি স্বাধীনতাযুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশকে শত্রুমুক্ত করেছেন। পরে দেশে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সবার রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আজ শুক্রবার সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এরপর আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে ফাতেহা পাঠ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমান এ দেশের অর্থনীতির ভিত্তি শক্ত করেছিলেন। দেশকে অন্য উচ্চতায় তিনি নিয়ে গিয়েছিলেন। তাঁর শাসনামলের সময়ে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসী ইতিবাচক ধারণা পেতে থাকে। ওই অবস্থায় চক্রান্তকারীরা তাঁকে হত্যা করে।
সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার দ্বার খুলে দিয়েছিলেন। তাঁর কারণে আওয়ামী লীগ আজ রাজনীতি করতে পারছে। সেই আওয়ামী লীগ দেশে আবার একদলীয় বাকশালী শাসনব্যবস্থা চালু করেছে। মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। তাই খালেদা জিয়ার নির্দেশে সবাইকে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সভায় আরও বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল প্রমুখ।
নাসিমন ভবনের সভার পর গাড়ির বহর নিয়ে দলীয় নেতা-কর্মীরা নগর থেকে ২২ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে যান। বহরের নেতৃত্ব দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানেও সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। সমাবেশের আগে কবরে ফাতেহা পাঠ ও মিলাদের আয়োজন করা হয়। দলীয় নেতারা কবরে ফুল দেন।