'জিয়া বেঁচে থাকলে তাকেও আসামি করতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে আওয়ামী লীগের যৌথ সভায় সূচনা বক্তব্য রাখছেন  শেখ হাসিনা
গণভবনে আওয়ামী লীগের যৌথ সভায় সূচনা বক্তব্য রাখছেন শেখ হাসিনা

বেঁচে থাকলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি করা হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান মরে গিয়ে বেঁচে গেছে’। নতুবা তাঁকেও তিনি (প্রধানমন্ত্রী) আসামি করতেন।

আজ সোমবার গণভবনে আওয়ামী লীগের যৌথসভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি মোশতাক। আর মোশতাকের পছন্দ ছিল জিয়া। তাহলে এটা কী দাঁড়ায়। বিষয়টি তো পরিষ্কার। বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক ক্ষমতা দখল করে। আর মোশতাক পছন্দ করে সেনাপ্রধান বানায় জিয়াকে। বেইমান মোশতাকও বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি। এরপর বিচারপতি সায়েম হয় রাষ্ট্রপতি। জিয়া অস্ত্র হাতে তাকে পদত্যাগ করতে বলে। এর পরও নিজেই টেলিভিশনে ঘোষণা দিল, “আমিই রাষ্ট্রপতি”। হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মূল হোতা ছিল জিয়া।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি) শাসনামলে ‘‘হাওয়া ভবনের পাওয়া না দিয়ে” ব্যবসা করতে পারত না কেউ। তা-ও আবার একটা না, তিনভাবে দিতো হতো। মায়ের একটা, পুত্রের ভাগ একটা। মায়ের আবার প্রিয় ব্যক্তিত্ব ছিল; তার একটা। এখন আর হাওয়া ভবনের “পাওয়া” দিতে হয় না। সবাই স্বাধীনভাবে ব্যবসা করছে।’ গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ‘গণমাধ্যম এখনো তারেক জিয়ার বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। আবার সে কখন এসে মারে।’

সুশীল সমাজের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক চিন্তাবিদ চিন্তার খোরাক খুঁজে পাচ্ছেন না। উল্টা কথা বলে যাচ্ছেন। এই সরকার যে প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে নিয়ে গেছে, সেটা তাঁরা স্বীকার করতে রাজি না। কারণ, ওনাদের চিন্তার সঙ্গে এটা মিলে না। ওনারা তো কেয়ারটেকারের কেয়ারে ছিলেন। তখন তাঁদের গুরুত্ব ছিল। এখন তাঁদের গুরুত্ব নেই। কারণ, জনগণের গুরুত্ব বেড়েছে। এটা তাঁদের ভালো লাগে না। মানুষ ভালো থাকলে ওনাদের অন্তর্জ্বালা হয়। অগণতান্ত্রিক ও আর্মি সরকার এলেই তাঁদের স্যুট-কোট রেডি, কদর বাড়ে। ভালো কথা বলতে তাঁদের কার্পণ্য। নেতিবাচক কথা বলে মানুষকে তাঁরা বিভ্রান্ত করেন।’

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সমালোচনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন নির্বাচন হলো, এটা নিয়েও সমালোচনা। প্রার্থী না থাকলে নির্বাচনটা হবে কোনভাবে? বিএনপি নির্বাচন করেনি, জামায়াতও করতে পারবে না। এ জন্য দুঃখিত হয়ে বেগম জিয়া এলেন না। এটা তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের দোষ কী?’

ড. কামাল হোসেনকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘কোনো এক নেতা আছেন, আমাদের দলেই ছিলেন। যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার। ওকালতি করছেন। অথচ তিনি বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে ১৯৭০ ও ’৭৩ সালের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছিলেন। কোর্টে দাঁড়ালে এ তথ্য দেওয়া উচিত।’

সাংসদদের উদ্দেশে হাসিনা বলেন, ‘সরকার  উন্নয়ন করছে এটা মানুষের কাছে বলতে হবে। গণমাধ্যমের ভালো কথা লেখার সময় নাই। মানসিকতাও নাই। অথচ আমরাই গণমাধ্যমের সম্প্রসারণে ভূমিকা রেখেছি। অন্যরা যেহেতু বলবে না, নিজেদেরটা নিজেরাই বলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।